Views Bangladesh Logo

গাজীপুরে ৪ যানবাহনে অগ্নিসংযোগ

 VB  Desk

ভিবি ডেস্ক

বিএনপির ডাকা সারাদেশে সকাল-সন্ধ্যার হরতাল চলাকালে দুইটি বাস ও দুইটি কাভার্ড ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) গাজীপুরে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

এ প্রসঙ্গে কাশিমপুর ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার হাসান আলী গণমাধ্যমকে জানান, আজ সকাল ৯টা ৫০ মিনিটে কাশিমপুরের জিরানী বাজারে দুর্বৃত্তরা ইতিহাস পরিবহনের একটি বাসে আগুন দেয়।

অন্যদিকে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, সকাল সোয়া ৬টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের ঝাজর এলাকায় ঢাকা বাইপাস মহাসড়কে দুটি কাভার্ড ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

তারা জানায়, সকাল সোয়া ৬ টার দিকে ঝাজর এলাকায় ১৪-১৫ জন দুর্বৃত্ত লাবিব গ্রুপ ও ডিবিএল নামের তৈরি পোশাক কারখানায় ব্যবহৃত দুটি কাভার্ড ভ্যানের গতিরোধ করে। এক পর্যায়ে পেট্রোল নিক্ষেপ করে গাড়ি দুটিতে আগুন ধরিয়ে দেয় এবং ককটেল নিক্ষেপ করে তারা পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন ছুটে এসে ফায়ার সার্ভিসকে খবর দিলে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ছাড়াও সকাল ১০টার দিকে গাজীপুর মহানগরের জিরানী এলাকায় নবীনগর-চন্দ্রা মহাসড়কে একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কাশিমপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর বলেন, সকালে বাসটি যাত্রী নিয়ে কবিরপুর থেকে মিরপুরের দিকে যাচ্ছিল। পথে যাত্রীবেশে ওঠা দুর্বৃত্তরা বাসের ভিতরে পিছনের দিকে আগুন ধরিয়ে দেয়। এ সময় বাসে থাকা কয়েকজন যাত্রী দ্রুত নেমে যাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ