ডিএমপিতে চার পুলিশ পরিদর্শককে বদলি, তেজগাঁও থানায় নতুন ওসি
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) চারজন নিরস্ত্র পুলিশ পরিদর্শককে বদলি ও নতুন পদে পদায়ন করা হয়েছে। এর মধ্যে মো. মনিরুজ্জামানকে তেজগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি ও পদায়নের কথা জানানো হয়। আদেশটি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে।
আদেশ অনুযায়ী, উত্তরা-পশ্চিম থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মনিরুজ্জামানকে তেজগাঁও থানার ওসি করা হয়েছে। তেজগাঁও থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) সাব্বির মোহাম্মদ সেলিমকে বদলি করে উত্তরা-পশ্চিম থানার একই পদে দায়িত্ব দেওয়া হয়েছে।
এ ছাড়া মতিঝিল থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (অপারেশন) সালাহ উদ্দিন কাদেরকে রমনা থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে পদায়ন করা হয়েছে।
অন্যদিকে পল্টন থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (অপারেশন) মো. নূরুল ইসলামকে আদাবর থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) পদে বদলি করা হয়েছে।
ডিএমপির দাপ্তরিক আদেশের অনুলিপি অতিরিক্ত পুলিশ কমিশনার, যুগ্ম পুলিশ কমিশনার ও উপপুলিশ কমিশনারসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগে পাঠানো হয়েছে। বদলি ও পদায়ন করা কর্মকর্তাদের নতুন দায়িত্ব অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
মতামত দিন