Views Bangladesh Logo

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৯৩১

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। একই সময়ে নতুন করে ৯৩১ জনের মধ্যে হাম উপসর্গ শনাক্ত হয়েছে এবং ৮৭ জনের হাম নিশ্চিত হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে মারা যাওয়া চার শিশুর মধ্যে দুজন ঢাকার, একজন সিলেটের এবং একজন বরিশালের বাসিন্দা।

গত ১৫ মার্চ থেকে ১৯ আগস্ট পর্যন্ত ১৫৭ দিনে হাম ও হাম উপসর্গে আক্রান্ত হয়ে মোট ৯২২ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হাম উপসর্গে ৮২৩ জন এবং নিশ্চিত হামে ৯৯ জন মারা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪৫ হাজার ৭১১ জনে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছে ৭৮৭ জনসহ মোট ১ লাখ ২৭ হাজার ৭৬ জন।

এ সময়ে নতুন করে ৯২৫ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে। সব মিলিয়ে এখন পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১ লাখ ২২ হাজার ৮০৫ জন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় ৮৭ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে দেশে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ৭৬ জনে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ