মার্কিন স্পিডবোটে কিউবান সীমান্তরক্ষীদের গুলি, নিহত ৪
কিউবার জলসীমায় বিনা অনুমতিতে প্রবেশের অভিযোগে যুক্তরাষ্ট্রে নিবন্ধিত একটি স্পিডবোটে গুলি চালিয়েছে কিউবার কোস্টগার্ড। এতে নৌকাটির চার আরোহী নিহত এবং ছয়জন আহত হয়েছেন।
আল-জাজিরার প্রতিবেদনে জানানো হয়, কিউবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।
বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে নিবন্ধিত একটি স্পিডবোট কিউবার জলসীমায় অনুপ্রবেশ করলে সেটিকে থামার নির্দেশ দেয় কোস্টগার্ড। কিন্তু নৌকার আরোহীরা প্রথমে গুলি চালালে কোস্টগার্ড পাল্টা গুলি ছোড়ে। এতে সংঘর্ষের ঘটনা ঘটে।
কিউবার দাবি, এ ঘটনায় স্পিডবোটের চার আরোহী নিহত এবং ছয়জন আহত হন। আহতদের মধ্যে কিউবার কোস্টগার্ডের একজন কমান্ডারও রয়েছেন।
ঘটনাটি স্থানীয় সময় বুধবার সকালে কিউবার উত্তর-মধ্য ভিলা ক্লারা প্রদেশের ব্যারিয়ার দ্বীপ কায়ো ফ্যালকোনেস উপকূলের কাছে ঘটে।
পৃথক বিবৃতিতে নিহতদের একজনকে মিশেল ওর্তেগা ক্যাসানোভা হিসেবে শনাক্ত করা হয়েছে। আটক ছয় সন্দেহভাজনের নামও প্রকাশ করেছে কিউবা, যাদের সবাইকে ‘যুক্তরাষ্ট্রে বসবাসরত কিউবান’ বলে উল্লেখ করা হয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, নৌকায় থাকা ব্যক্তিদের জাতীয়তা এখনো স্পষ্ট নয়।
তিনি জানান, যুক্তরাষ্ট্র তথ্য সংগ্রহ করছে এবং প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেবে। নৌকাটিতে মার্কিন সরকারের কোনো কর্মী ছিলেন না বলেও দাবি করেন তিনি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে