জাপানে টাইফুনের প্রভাবে পাহাড়ধসে নিহত ৪, নিখোঁজ ৬
জাপানের রাজধানী টোকিও ও পার্শ্ববর্তী অঞ্চলে আঘাত হানা প্রলয়ঙ্করী টাইফুনের প্রভাবে সৃষ্ট ভারী বৃষ্টিপাত এবং ভয়াবহ পাহাড়ধসে অন্তত চারজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও ছয়জন।
সোমবার (২০ সেপ্টেম্বর) টোকিও সংলগ্ন চিবা ও কানাগাওয়া প্রশাসনিক অঞ্চলে এ হতাহতের ঘটনা ঘটে। পরিস্থিতি সামাল দিতে উদ্ধারকাজে নেমেছে দেশটির সামরিক বাহিনী।
পুলিশ জানায়, চিবা প্রিফেকচারের সোদেগাউরা শহরে ক্ষতিগ্রস্ত একটি সড়কের সংস্কারকাজ চলাকালে আচমকা পাহাড়ধসে খননযন্ত্রসহ (এক্সকাভেটর) কাদার নিচে চাপা পড়েন ৫১ বছর বয়সী এক চালক। উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। একই শহরে ধ্বংসস্তূপের মধ্য দিয়ে গাড়ি চালাতে গিয়ে আহত হন এক নারী।
অন্যদিকে চিবা প্রিফেকচারের কামোগাওয়া শহরে পাহাড়ধসে একটি বসতবাড়ি ধসে পড়লে ৮০ বছর বয়সী এক বৃদ্ধার প্রাণহানি ঘটে। এ ছাড়া কানাগাওয়া প্রিফেকচারের ইয়োকোসুকা শহরে পাহাড়ধসের কাদামাটি ঘরের ভেতর ঢুকে পড়লে ষাটোর্ধ্ব এক নারী মারা যান।
একই দিনে কানাগাওয়ার মিউরা শহরে পাহাড়ধসে একটি অ্যাপার্টমেন্ট ধসে পড়ার পর থেকে এক বাসিন্দা নিখোঁজ রয়েছেন। পাশাপাশি চিবায় অপর একটি ধসের ঘটনায় আরও দুজন নিখোঁজ রয়েছেন বলে খবর পাওয়া গেছে।
পরিস্থিতি মোকাবিলায় কানাগাওয়া প্রিফেকচার প্রশাসন অবিলম্বে উদ্ধার অভিযানে সহায়তার জন্য দেশটির সামরিক বাহিনীকে মোতায়েনের অনুরোধ জানিয়েছে।
ইজু দ্বীপপুঞ্জের উত্তরাঞ্চলের জন্য পাঁচ ধাপের সতর্কতার মধ্যে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে জাপানের আবহাওয়া সংস্থা। এর পাশাপাশি সংস্থাটির পক্ষ থেকে টোকিও, চিবা, কানাগাওয়া, ইবারাকি ও মিয়াগি প্রিফেকচারের কিছু অংশের জন্য লেভেল-৪ সতর্কতা বহাল রাখা হয়েছে।
ফায়ার অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট এজেন্সি জানিয়েছে, টাইফুনের প্রভাবে চিবাতে ২১টি, ইবারাকিতে ২৭টি এবং কানাগাওয়াতে একটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে কয়েকটি বাড়ি পানির নিচে তলিয়ে গেছে।
আবহাওয়া অফিসের তথ্যমতে, সোমবার রাতে টাইফুনটি চিবা প্রিফেকচারের বোসো উপদ্বীপ অতিক্রম করে। এর প্রভাবে চিবা শহরের সড়ক পানিতে ভেসে যায় এবং দুটি গাড়ি ডুবে গেলেও চালকরা নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন। এতে কেউ আহত হননি বলে নিশ্চিত করেছে স্থানীয় ফায়ার সার্ভিস।
সূত্র: বিবিসি, জাপান টুডে
মতামত দিন