গাজীপুরে খবর সংগ্রহ করতে গিয়ে ৪ সংবাদকর্মী আহত
গাজীপুরে গাছ কেটে বনভূমি জবর দখলের খবর সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন ৪ সংবাদকর্মী। এ সময় তাদের ক্যামেরা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। গাজীপুর সদর উপজেলার নয়নপুর কড়ইতলা এলাকায় এ ঘটনা ঘটে।
আহত চার সাংবাদিক হলেন- দৈনিক স্বাধীন বাংলা পত্রিকার গাজীপুর প্রতিনিধি রুকনুজ্জামান খান, বিডি ২৪ লাইভ-এর গাজীপুর প্রতিনিধি রাসেল শেখ, দৈনিক তরুণকণ্ঠের উত্তর প্রতিনিধি নজরুল ইসলাম ও দৈনিক মুক্ত বলাকার স্টাফ রিপোর্টার মিলন শেখ।
জানা গেছে, এ ঘটনায় জয়দেবপুর থানায় একটি মামলা করেছেন সাংবাদিক রুকনুজ্জামান খান।
মামলার বাদী সাংবাদিক রুকনুজ্জামান খান বলেন, ‘গাছ কেটে বনভূমি দখলের খবর পেয়ে মিলন শেখ, নজরুল ইসলাম ও রাসেল শেখ নামে ৩ সহকর্মীকে নিয়ে আমি নয়নপুর কড়ইতলা এলাকায় যাই। আমাদের দেখে ওই এলাকার শাহাবুল ইসলাম, তার ছেলে আব্দুল্লাহ নীরব, নাঈম মিয়া ও তাদের সহযোগী মৃত আব্দুল রহমানের ছেলে আকবর আলসহ ১০-১৫ জন আমাদের ওপর হামলা চালায়। আমাদের ক্যামেরা কেড়ে নিয়ে ভেঙে ফেলে। মোবাইল সেট নিয়ে ভেঙে ফেলে এবং মারধর করে। এতে আমরা চারজন আহত হই।’
এ ব্যাপারে জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, ‘গাজীপুর উপজেলার নয়নপুর বড়ইতলী এলাকার শাহাবুল ইসলাম (৫৮), তার ছেলে আব্দুল্লাহ নীরব (২০), নাঈম মিয়া (২৮) তাদের সহযোগী মৃত আব্দুল রহমানের ছেলে আকবর আলীসহ (৫০) অজ্ঞাত ১০-১৫ জন সহযোগীর বিরুদ্ধে শনিবার মামলা দায়ের করেছেন রুকনুজ্জামান খান। আসামিদের গ্রেপ্তারে আমরা অভিযান চালাচ্ছি।’
তবে হামলার বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানা সম্ভব হয়নি। কারণ যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে