হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
হাম উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১৪৮ জনকে সন্দেহজনক হাম রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে। শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত সময়ের হিসাব এটি।
রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম পরিস্থিতি নিয়ে প্রকাশিত নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে সন্দেহজনক হাম নিয়ে ১ লাখ ৭৯ হাজার ৮১৪ শিশুকে শনাক্ত করা হয়েছে। এ সময়ে হাম নিশ্চিত হয়েছে ২০ হাজার ৫৬২ শিশুর। একই সময়ে সন্দেহজনক হাম নিয়ে মারা গেছে ৯৫৬ শিশু। এর মধ্যে ১০১ শিশুর মৃত্যুর কারণ হিসেবে হাম নিশ্চিত করা হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৫৮ হাজার ৫৮৯ শিশু। চিকিৎসা শেষে সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ৫২ হাজার ২২৫ জন।
হাম পরিস্থিতিতে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে ঢাকা বিভাগ। গত ২৪ ঘণ্টায় এ বিভাগে নতুন করে ৪৪৯ জনকে সন্দেহজনক হাম রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে। একই সময়ে ঢাকা জেলায় হাম উপসর্গে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে ঢাকা বিভাগে এখন পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৩০।
নতুন রোগী শনাক্তের দিক থেকে ঢাকার পর রয়েছে চট্টগ্রাম ও সিলেট বিভাগ। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগে ২৬৯ জন এবং সিলেট বিভাগে ১৪৫ জনকে সন্দেহজনক হাম রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, দেশে হাম পরিস্থিতি এখনও উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। বিশেষ করে ঢাকা বিভাগে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা অন্য বিভাগগুলোর তুলনায় বেশি। নিয়মিত নজরদারি ও চিকিৎসার পাশাপাশি শিশুদের হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচি জোরদারের ওপর গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা।
মতামত দিন