Views Bangladesh Logo

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫৫৮

দেশে ডেঙ্গুর সংক্রমণ উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৫৮ জন রোগী।

রোববার (৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন রোগী যুক্ত হওয়ায় চলতি বছর ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা বেড়ে ১১৭ জনে দাঁড়িয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৪২ হাজার ৫৯০ জনে পৌঁছেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত এক দিনে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন খুলনা বিভাগে। সেখানে ৩৩৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসা নিতে গেছেন। এ ছাড়া ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরের এলাকায় ৩১৬ জন, চট্টগ্রামে ১৬৯ জন এবং বরিশালে ১৩৭ জন ভর্তি হয়েছেন।

ঢাকার দুই সিটি করপোরেশনেও উল্লেখযোগ্যসংখ্যক রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ১৯৩ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১৪৮ জন চিকিৎসা নিয়েছেন। পাশাপাশি রাজশাহী বিভাগে ১১২ জন, ময়মনসিংহে ৮৪ জন, রংপুরে ৫৯ জন এবং সিলেটে ৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, দেশে ডেঙ্গুর পরিস্থিতি চলতি বছরও ক্রমেই গুরুতর হয়ে উঠছে। সরকারি হিসাবে ২০২৩ সালে ডেঙ্গুর সবচেয়ে ভয়াবহ প্রাদুর্ভাব দেখা যায়। ওই বছর ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হওয়ার পাশাপাশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়েছিল।

চলতি বছরের সংক্রমণও ঊর্ধ্বমুখী থাকায় ডেঙ্গু নিয়ন্ত্রণে মশার প্রজননস্থল ধ্বংস, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং আক্রান্তদের দ্রুত চিকিৎসার আওতায় আনার ওপর গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ