হরমুজ নিয়ে ট্রাম্পের আহ্বান নাকচ ৪ দেশের
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক রাখার আহ্বান জানালেও যুক্তরাজ্য, জার্মানি, জাপান ও অস্ট্রেলিয়া সেই আহ্বানকে সরাসরি প্রত্যাখ্যান করেছে।
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সোমবার এক ব্রিফিংয়ে জানান, হরমুজ প্রণালি খুলতে যুক্তরাজ্য মিত্রদের সঙ্গে কার্যকর পরিকল্পনা নিয়ে কাজ করছে। তবে জোর দিয়ে তিনি বলেন, যুক্তরাজ্য কোনো নেটো মিশনের অংশ হবে না এবং কোনো বৃহত্তর যুদ্ধে জড়াবে না।
জার্মান প্রতিরক্ষা মন্ত্রী বরিস পিস্টোরিয়াস ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান করে বলেছেন, ‘এটি আমাদের যুদ্ধ নয়, আমরা এটি শুরু করিনি।’
জাপানের প্রতিরক্ষা মন্ত্রী শিনজিরো কোইজুমি পার্লামেন্টে বলেন, ইরানের বর্তমান পরিস্থিতিতে আমরা এই মুহূর্তে কোনো সামুদ্রিক নিরাপত্তা অভিযান চালানোর কথা বিবেচনা করছি না।
দক্ষিণ কোরিয়া জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখার পর সতর্ক পর্যালোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে। অন্যদিকে, অস্ট্রেলিয়ার কেবিনেট সদস্য কাথরিন কিং হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠানোর প্রস্তাব সরাসরি নাকচ করেছেন।
চীনা দূতাবাস বিষয়টি নিয়ে সরাসরি মন্তব্য না করলেও জানিয়েছে, ‘জ্বালানি সরবরাহ স্থিতিশীল ও নিরবচ্ছিন্ন রাখা সব পক্ষেরই দায়িত্ব।’
হরমুজ প্রণালি বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি রপ্তানির পথ। ট্রাম্পের আহ্বানকে বড় সংখ্যক দেশ এভাবে সরাসরি প্রত্যাখ্যান করায় উত্তেজনা বাড়লেও এখন পর্যন্ত কোনো সামরিক অভিযান শুরু হয়নি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে