Views Bangladesh Logo

হায়দ্রাবাদে মানব পাচার চক্রের কবল থেকে ৪ বাংলাদেশি নারী উদ্ধার

হায়দ্রাবাদে একটি সংঘবদ্ধ মানব পাচার চক্রের বিরুদ্ধে পরিচালিত অভিযানে চারজন বাংলাদেশি নারী ও কিশোরীকে উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। তাদের অবৈধভাবে ভারতে এনে জোর করে পতিতাবৃত্তিতে বাধ্য করা হচ্ছিল বলে জানিয়েছে পুলিশ।

তেলেঙ্গানা টুডে-এর বরাতে জানা যায়, এই চক্রটি দীর্ঘদিন ধরে বাংলাদেশসহ বিভিন্ন দেশ থেকে নারীদের পাচার করে ভারতের বিভিন্ন শহরে নিয়ে যাচ্ছে। হায়দ্রাবাদের খায়রাতাবাদ, চান্দ্রিঘাট ও বান্দলাগুডা এলাকার গোপন আবাসন থেকে নারীদের উদ্ধার করা হয়, যেগুলো আগে থেকেও মানব পাচারের কেন্দ্র হিসেবে চিহ্নিত ছিল।

পুলিশ জানিয়েছে, পাচারকারীরা সাধারণত দারিদ্র্যপীড়িত নারীদের উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে ভারতে নিয়ে আসে। এরপর তাদের জন্য ভুয়া পরিচয়পত্র তৈরি করে বিভিন্ন শহরে পাঠানো হয়, যেখানে তাদের ইচ্ছার বিরুদ্ধে রেখে যৌন পেশায় বাধ্য করা হয়।

উদ্ধারকৃতরা জানিয়েছে, তাদের অনেককে কাজের লোভ দেখিয়ে আনা হয়; কিন্তু পরে বাধ্য করা হয় পতিতাবৃত্তিতে। এই চক্রটি শুধু বাংলাদেশ থেকেই নয়, বরং উজবেকিস্তান, রাশিয়া, ইউক্রেন, শ্রীলঙ্কা এবং নেপাল থেকেও নারীদের পাচার করে থাকে।

তদন্তে আরও জানা গেছে, পাচার কার্যক্রম মূলত হায়দ্রাবাদের আত্তাপুর, বান্দলাগুডা, চিন্তালমেট, হিমায়তসাগর রোড ও চাম্পাপেট এলাকা থেকে পরিচালিত হয়। দালালদের সহায়তায় ভুক্তভোগীদের স্থল ও সমুদ্রপথে ভারতে আনা হয়।

ভারতের সেন্ট্রাল ওয়েলফেয়ার বোর্ডের এক পরিসংখ্যান অনুযায়ী, দেশটিতে পতিতাবৃত্তিতে বাধ্য হওয়া নারীদের মধ্যে আনুমানিক ২.৭ শতাংশ বাংলাদেশি।

পুলিশ জানায়, এই সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে এবং ভুক্তভোগীদের পুনর্বাসন ও আইনি সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করা হচ্ছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ