Views Bangladesh Logo

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪: পুলিশ

রাজধানীর ইসিবি চত্বরে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্রাউনফিশ স্টুডিওতে ভাঙচুর ও জমিতে হামলার ঘটনায় মূল পরিকল্পনাকারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার বিকেলে ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হামলার মূল পরিকল্পনাকারী শাহরিয়ার, ভাসানটেক বস্তির মো. মামুন এবং মজুমদার মোড় এলাকার আসলাম ও মুন্না।

ক্যান্টনমেন্ট থানার ওসি বলেন, স্টুডিওর জমির মালিক নিউ গিনি প্রপার্টিজ লিমিটেডের সঙ্গে এলাকার অন্য জমির মালিকদের বিরোধের জেরেই হামলার ঘটনা ঘটেছে। নিউ গিনি প্রপার্টিজের কাছ থেকে একটি ফ্লোর ভাড়া নিয়ে সালমান মুক্তাদির সেখানে স্টুডিও তৈরি করেছিলেন। হামলার সময় স্টুডিওটি ভাঙচুর করা হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, নিউ গিনি প্রপার্টিজ ওই জমিতে একটি গেট তৈরি করে অন্যদের চলাচলে বাধা সৃষ্টি করেছিল। এ নিয়ে ক্ষুব্ধ হয়ে প্রতিপক্ষের লোকজন সেখানে যায়।

ওসি মোহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, হামলার মূল পরিকল্পনাকারীকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারেও অভিযান চলছে।

শনিবার দিবাগত রাতে দুই ট্রাকে করে লোকজন গিয়ে স্টুডিওতে হামলা ও ভাঙচুর চালায় বলে অভিযোগ করেন সালমান মুক্তাদির। রাত পৌনে ২টার দিকে ব্রাউনফিশ স্টুডিওর ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচারে এসে তিনি জানান, কিছুক্ষণ আগে স্টুডিওতে হামলা হয়েছে এবং সেটি ভাঙচুর করা হয়েছে।

পরে সালমান মুক্তাদির অভিযোগ করেন, হামলাকারীদের মূল লক্ষ্য সম্ভবত ভবনের মালিক ছিলেন। তার কাছে চাঁদা দাবি করা হয়ে থাকতে পারে বলেও তিনি ধারণা প্রকাশ করেন।

এদিকে রোববার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, প্রায় ৩৫ কাঠার একটি জমি নিয়ে দুই পক্ষের বিরোধ রয়েছে। এক পক্ষ নিউ গিনি প্রপার্টিজের এবং অন্য পক্ষ একজন অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তার।

স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষ্য, প্রাথমিক প্রতিবেদনে জানা গেছে, অবসরপ্রাপ্ত ওই কর্মকর্তার পক্ষের কিছু লোক রাতের অন্ধকারে জমিটি দখলের চেষ্টা করতে সেখানে গিয়েছিল।

এ ঘটনায় নিউ গিনি প্রপার্টিজের পক্ষ থেকে ক্যান্টনমেন্ট থানায় মামলা করা হয়েছে বলে জানা গেছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ