Views Bangladesh Logo

ঢাকায় অস্ত্র-গুলিসহ ‘আকসা’র ৪ সদস্য গ্রেপ্তার, ছিল গুপ্ত হামলার পরিকল্পনা

রাজধানীর কামরাঙ্গীরচর ও কেরানীগঞ্জ এলাকায় পৃথক অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত উগ্রবাদী সংগঠন ‘আকসা’র চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। অভিযানে তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র, গুলি, মানববিহীন উড়ন্ত যন্ত্র (ড্রোন) ও ড্রোন পরিচালনার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, রাজধানীর বিভিন্ন স্থানে তারা গুপ্ত হামলার পরিকল্পনা করছিল।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন- মো. ইমরান চৌধুরী (২৯), মো. মোস্তাকিম চৌধুরী (২৫), রিপন হোসেন শেখ (২৮) এবং আবু বক্কর (২৫)।

গোয়েন্দা পুলিশের রমনা বিভাগের একটি দল মঙ্গলবার ভোররাত থেকে দুপুর পর্যন্ত ধারাবাহিক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

প্রথমে কামরাঙ্গীরচর থানার তারা মসজিদ সংলগ্ন কয়লাঘাট এলাকার একটি বাসা থেকে ইমরান চৌধুরীকে আটক করা হয়। পরে কেরানীগঞ্জের জিয়ানগর এলাকা থেকে মোস্তাকিম চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। একই দিন দুপুরে কামরাঙ্গীরচরের রসুলপুর শিকসন ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে রিপন হোসেন শেখ ও আবু বক্করকে আটক করা হয়।

অভিযানকালে তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি একনলা বন্দুক, ১৪ রাউন্ড গুলি, তিনটি গুলির খোসা, একাধিক মোবাইল ফোন, ধাতু শনাক্তকারী যন্ত্র, মানববিহীন উড়ন্ত যন্ত্র (ড্রোন) এবং ড্রোন পরিচালনার বিভিন্ন সরঞ্জামসহ উগ্রবাদী প্রচারণাসংক্রান্ত বই ও লিফলেট উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা নিষিদ্ধ ঘোষিত ‘আকসা’ নামের সংগঠনের সক্রিয় সদস্য বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তারা রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নাশকতা ও গুপ্ত হামলার পরিকল্পনায় যুক্ত ছিল বলে তথ্য পাওয়া গেছে। এ উদ্দেশ্যে তারা অস্ত্র ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সংগঠিত হচ্ছিল।

গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ