নাইজারের বৃহত্তম বিমানবন্দরে বন্দুক ও বোমা হামলা, নিহত ৩৫
নাইজারের রাজধানী নিয়ামেতে অবস্থিত দেশের বৃহত্তম বিমানবন্দর 'দিওরি হামানি আন্তর্জাতিক বিমানবন্দরে' এক ভয়াবহ বন্দুক ও বোমা হামলায় অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, নিরাপত্তা বাহিনীর পাল্টা অভিযানে ২২ জন হামলাকারী নিহত হয়েছে। এছাড়া হামলায় ১১ জন সেনাসদস্য এবং ২ জন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। অভিযান চলাকালীন ৪ হামলাকারী আহত হয়েছে এবং আরও ২০ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে দেশের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
অভিযান শেষে ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে আরপিজি-৭ রকেট প্রপেলড গ্রেনেড লঞ্চার, একে-৪৭ রাইফেল, বিস্ফোরক, হ্যান্ড গ্রেনেড, ওয়াকিটকি এবং হাজার হাজার রাউন্ড গুলি।
স্থানীয় বাসিন্দারা জানান, বৃহস্পতিবার (১৮ জুন) ভোরে ফজরের নামাজের পরপরই এই হামলার ঘটনা ঘটে। বিমানবন্দর এলাকা থেকে হঠাৎ গোলাগুলির এবং একের পর এক বিকট বিস্ফোরণের শব্দ আসতে শুরু করে। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথম দিকে তারা বিস্ফোরণের শব্দকে গাড়ির টায়ার ফেটে যাওয়ার শব্দ মনে করেছিলেন, কিন্তু কিছুক্ষণের মধ্যেই তারা হামলার ভয়াবহতা টের পান।
পরবর্তীতে এই হামলার দায় স্বীকার করে আল-কায়েদার সহযোগী উগ্রপন্থী সংগঠন ‘জামায়াত নুসরত আল-ইসলাম ওয়াল মুসলিমিন’।
উল্লেখ্য, দিওরি হামানি আন্তর্জাতিক বিমানবন্দরটিকে নাইজারের অন্যতম স্পর্শকাতর নিরাপত্তা স্থাপনা হিসেবে বিবেচনা করা হয়। এখানে বেসামরিক বিমান চলাচলের পাশাপাশি একটি বড় সামরিক ঘাঁটি রয়েছে। এছাড়া নাইজার, মালি ও বুর্কিনা ফাসো নিয়ে গঠিত সামরিক জোট ‘অ্যালায়েন্স অব সাহেল স্টেটস’-এর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও কার্যক্রমও এই বিমানবন্দর থেকেই পরিচালিত হয়।
মতামত দিন