Views Bangladesh Logo

লংমার্চের মাঝেই বিদেশ সফরে জামায়াতের ৩৪ এমপি, অনেকেই গেছেন পরিবারসহ

গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসন ও সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের প্রতিবাদে যখন জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্য জোট আট দফা দাবিতে মাঠপর্যায়ে লংমার্চ কর্মসূচি পালনে ব্যস্ত, ঠিক তখনই দলটির ৩৪ জন সংসদ সদস্য (এমপি) পরিবারসহ বহির্বিশ্ব সফরে রয়েছেন। ১৭ দিনের দীর্ঘ এই সফরে জনপ্রতিনিধি ও তাঁদের পরিবার মিলিয়ে সফরকারী দলের মোট সদস্যসংখ্যা ৭১।

জোটের গুরুত্বপূর্ণ রাজনৈতিক কর্মসূচির মধ্যে দলটির একাংশের এই বিপুল বহর নিয়ে বিদেশ সফর নিয়ে রাজনীতিপাড়ায় নানা আলোচনা-সমালোচনা চলছে। তবে জামায়াত সূত্রের দাবি, বিদেশ সফরটি হঠাৎ করে নয়, বরং পূর্বনির্ধারিত একটি দলীয় পরিকল্পনার অংশ হিসেবেই এমপিদের এই সফর।

জামায়াত সংশ্লিষ্ট সূত্র জানায়, ৩৪ জন এমপির মধ্যে ২৫ থেকে ২৬ জনই সাথে নিয়ে গেছেন পরিবারের সদস্যদের। এমপিদের বাইরে সফরসঙ্গী হিসেবে রয়েছেন জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, সাবেক এমপি ও সম্প্রতি জামায়াতে যোগ দেওয়া মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান এবং লেখক জিয়াউল হক।

সূত্র আরও জানায়, গত ১৩ ও ১৪ সেপ্টেম্বর দুই দফায় এই প্রতিনিধিদল মালয়েশিয়ায় পৌঁছে তিন দিন অবস্থান করে। এরপর ১৭ সেপ্টেম্বর তারা সিঙ্গাপুরে যায় এবং সেখান থেকে শনিবার ফিলিপাইনে পৌঁছায়। সফর সূচি অনুযায়ী ২৪ সেপ্টেম্বর তাঁরা ওমরাহ পালনের জন্য সৌদি আরব রওনা হবেন, পথে বাহরাইনে কিছু সময়ের যাত্রাবিরতি থাকবে। ওমরাহ শেষে ৩০ সেপ্টেম্বর তাদের দেশে ফেরার কথা রয়েছে।

সফরকালে জামায়াত এমপিদের সঙ্গে বৈঠক করেন মালয়েশিয়ার সাবেক শিক্ষামন্ত্রী ও রাজনৈতিক দল কেদিলান রাকাইয়াতের আন্তর্জাতিক–বিষয়ক ব্যুরোর প্রধান মাসজলি মালিক। ১৭ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, কেদিলান ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ব্যুরো ও আইএআইএস মালয়েশিয়ার পক্ষ থেকে সংস্কারপন্থী রাজনৈতিক দলগুলো বিশ্বজুড়ে যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে, সে বিষয়ে তিনি কিছু ভাবনা তুলে ধরেছেন। বৈঠকে অধ্যাপক জিয়াউদ্দিন সারদারের ‘পোস্ট-নরমাল টাইমস’ ধারণা নিয়েও আলোচনা হয়। এ ছাড়াও জনপ্রতিনিধিদের স্বচ্ছতা, সত্যনিষ্ঠা, সততা, জবাবদিহি এবং জনগণের কথা মনোযোগ দিয়ে শোনার ওপর গুরুত্ব দেওয়া হয়।

১৭ সেপ্টেম্বর সিঙ্গাপুরে বিশ্বখ্যাত নানইয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি পরিদর্শন করেন প্রতিনিধিদলের সদস্যরা। বিশ্ববিদ্যালয়টিতে আয়োজিত এক সিম্পোজিয়ামে যোগ দিয়ে সিঙ্গাপুরের বর্তমান বৈশ্বিক অবস্থানের নেপথ্য প্রেক্ষাপট সম্পর্কে জানেন তারা।

ফিলিপাইনে বিভিন্ন রাজনৈতিক দল ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে বৈঠকের পাশাপাশি স্থানীয় দর্শনীয় স্থান ঘুরে দেখার কর্মসূচি রয়েছে। বাহরাইন যাত্রাবিরতিতেও বিমানবন্দরের কাছের এলাকা পরিদর্শনের পরিকল্পনা রয়েছে।

এই সফর প্রসঙ্গে সফরকারী দলে থাকা জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ঢাকা-৪ আসনের এমপি সৈয়দ জয়নুল আবেদীন বলেন, জামায়াতের আমিরের অনুমতি নিয়ে এমপিরা বিদেশ সফরে এসেছেন। এ বিষয়ে জাতীয় সংসদের স্পিকারকেও অবহিত করা হয়েছে।

সফরের উদ্দেশ্য মূল উদ্দেশ্য ব্যাখ্যা করে তিনি বলেন, সংসদ সদস্যদের অনেকে আগে বহির্বিশ্ব ঘুরে দেখার সুযোগ পাননি। উন্নত দেশগুলোর ঐতিহাসিক প্রেক্ষাপট, বর্তমান পরিস্থিতি, কীভাবে সেসব দেশ উন্নত রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করেছে এবং তাদের অর্থনৈতিক অবস্থা কেমন—এসব বোঝার জন্যই এই সফর।

অন্যান্য সদস্যদের মতে, এটি মূলত কোনো রাজনৈতিক সফর নয়। পূর্বপরিচিতি ও সাংগঠনিক যোগাযোগের সূত্র ধরেই মালয়েশিয়ার সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যদের সঙ্গে তাঁদের সাক্ষাৎ হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ