প্রার্থীতা ফিরে পেতে ইসিতে ৩৩৮ জনের আবেদন
দ্বাদশ জাতীয় নির্বাচনের প্রার্থীতা বাতিল হওয়ায় মনোনয়নপত্রের বৈধতা ফিরে পেতে ৩ দিনে নির্বাচন কমিশনে-ইসি আবেদন করেছেন ৩৩৮ জন প্রার্থী। বৃহস্পতিবার ( ৭ ডিসেম্বর) তৃতীয় দিনেই ইসিতে আবেদন করেছেন ১৫৫ জন প্রার্থী।
এর আগে প্রথম দিন মঙ্গলবার আবেদন করেছিলেন ৪২ জন, দ্বিতীয় দিনে ১৪১ জন এবং তৃতীয় দিনে ১৫৫ জন প্রার্থী আপিল করেছেন। নির্বাচন কমিশনে তৃতীয় দিনের আপিল আবেদন শেষে এসব তথ্য জানা গেছে।
ইসি সূত্র জানায়, রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশনের ভবনের সামনে ১০টি অস্থায়ী বুথে প্রার্থীদের আপিল আবেদন জমা নেওয়া হচ্ছে। ৫ ডিসেম্বর হতে আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত এ আপিল আবেদন জমা দেওয়া যাবে। ফলে শুক্র ও শনিবারও আবেদনপ্ত্র গ্রহণ করবে ইসি। এরপরে আগামী ১০ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত আপিল শুনানির মাধ্যমে রায় ঘোষণা করা হবে।
এছাড়াও, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে সারাদেশে ৩০০ আসনের বিপরীতে ৭৪৭ জন স্বতন্ত্রসহ ২ হাজার ৭১৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তবে ১ থেকে ৪ ডিসেম্বর যাচাই-বাছাইকালে রিটার্নিং কর্মকর্তারা ১ হাজার ৯৮৫টি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করলেও বাতিল হয় ৭৩১টি। স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে মোট ভোটারের ১ শতাংশের স্বাক্ষরের সঙ্গে মিল না থাকায় এবং অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে ব্যাংক ঋণ এবং দ্বৈত নাগরিকত্বের কারণে মনোনয়ন বাতিল হয়।
এবার নির্বাচনে ৪৪ টি নিবন্ধিত রাজনৈতিক দলের মধ্যে ২৯টি দল অংশগ্রহণ করছে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। ভোটগ্রহণ চলবে ৭ জানুয়ারি সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে