ডেঙ্গুতে সাত দিনে ৩৩ জনের মৃত্যু
দেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৮৪ জন। এ নিয়ে গত সাত দিনে ডেঙ্গুতে ৩৩ জনের মৃত্যু হলো।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৭৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু আগস্ট মাসেই মারা গেছেন ৪৩ জন। সেপ্টেম্বরের প্রথম ১৫ দিনে মৃত্যু হয়েছে ৭৯ জনের। এ ছাড়া জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।
বুলেটিনে বলা হয়েছে, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৪৮৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৮ হাজার ৪০০ জনে।
একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৫১৩ জন। চলতি বছর এখন পর্যন্ত চিকিৎসা শেষে সুস্থ হয়ে ছাড় পেয়েছেন ৫৪ হাজার ৯২ জন।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে। এই বিভাগে নতুন করে ৬২৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এরপর খুলনা বিভাগে ২৫২ জন, বরিশালে ২২১ জন, চট্টগ্রামে ১৯২ জন, রাজশাহীতে ১০২ জন, ময়মনসিংহে ৬৪ জন, রংপুরে ৩৫ জন এবং সিলেটে চারজন ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ পরিসংখ্যান বলছে, সেপ্টেম্বরেই এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা অন্য মাসগুলোর তুলনায় দ্রুত বেড়েছে। একই সঙ্গে প্রতিদিন হাসপাতালে নতুন রোগী ভর্তি হওয়ায় দেশের হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীর চাপও বাড়ছে।
মতামত দিন