শ্রমিক অসন্তোষে শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে নজরদারি
শ্রমিক অসন্তোষ ঘিরে রাজধানী ঢাকা ও এর আশপাশের শিল্পাঞ্চলে নিরাপত্তা আরও জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পোশাক কারখানাসহ বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে মোট ৩৩ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিত এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা ঠেকাতে এই মোতায়েন করা হয়েছে।
মোতায়েন করা ৩৩ প্লাটুনের মধ্যে মিরপুরে আছে তিন প্লাটুন। সাভার ও আশুলিয়ায় ১১ প্লাটুন, গাজীপুরে ১২ প্লাটুন এবং নারায়ণগঞ্জে সাত প্লাটুন সদস্য দায়িত্ব পালন করছেন।
সম্ভাব্য বিশৃঙ্খলা মোকাবিলায় সাঁজোয়া যান (এপিসি) ও দাঙ্গা নিয়ন্ত্রণের যান (আরসিভি) রাখা হয়েছে। নজরদারি বাড়াতে ড্রোনের মাধ্যমে সরাসরি পর্যবেক্ষণ করা হচ্ছে। দায়িত্বরত সদস্যদের কাছে আছে বডি ওর্ন ক্যামেরা।
পুরো কার্যক্রম সমন্বয় ও তদারকির জন্য বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল সার্বক্ষণিক কাজ করছে। স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে নিবিড় সমন্বয় রেখে বিজিবি সদস্যরা সতর্ক অবস্থায় আছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজিবি আরও জানায়, শিল্পাঞ্চলে জননিরাপত্তা নিশ্চিত, স্বাভাবিক কর্মপরিবেশ বজায় রাখা এবং আইনশৃঙ্খলা রক্ষায় তাদের এই কার্যক্রম চলমান থাকবে।
মতামত দিন