Views Bangladesh Logo

ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহত ৩২, আহত ৭ শতাধিক

ভেনেজুয়েলায় কয়েক সেকেন্ডের ব্যবধানে আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৩২ জন নিহত এবং ৭০০ জনের বেশি আহত হয়েছেন। দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ বৃহস্পতিবার (২৫ জুন) ভোরে এক সরকারি বিবৃতিতে হতাহতদের সর্বশেষ তথ্য জানান।

তিনি বলেন, দেশটির উত্তর উপকূলীয় অঙ্গরাজ্য লা গুয়াইরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে অসংখ্য ভবন সম্পূর্ণ বা আংশিকভাবে ধসে পড়েছে।

ক্ষতিগ্রস্ত এলাকাগুলোকে ‘দুর্যোগ অঞ্চল’ হিসেবে উল্লেখ করে তিনি জানান, কয়েকটি অঞ্চলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বুধবার সন্ধ্যা প্রায় ৬টা ৪ মিনিটে (স্থানীয় সময়) পশ্চিম ভেনেজুয়েলায় ৭.২ ও ৭.৫ মাত্রার দুটি ভূমিকম্প আঘাত হানে। কয়েক সেকেন্ডের ব্যবধানে সংঘটিত এ কম্পন প্রতিবেশী কলম্বিয়া পর্যন্ত অনুভূত হয়, যা জনমনে ব্যাপক আতঙ্ক সৃষ্টি করে।

রাজধানী কারাকাসে রাতভর উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন জরুরি সেবার কর্মীরা। ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষদের উদ্ধারে নিরলস চেষ্টা চলছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ধ্বংসস্তূপের নিচ থেকে সাহায্যের জন্য আর্তনাদ শোনা যাচ্ছে।

ভূমিকম্পের কারণে রাজধানীর বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায় এবং কারাকাস মেট্রো পরিষেবা সম্পূর্ণভাবে স্থগিত করা হয়। আবাসিক ও বাণিজ্যিক ভবনগুলোর ব্যাপক কাঠামোগত ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

এর আগে যুক্তরাষ্ট্র ভূতাত্ত্বিক জরিপ সংস্থা সতর্ক করে জানায়, এ ধরনের ভূমিকম্পে ব্যাপক প্রাণহানির ঝুঁকি রয়েছে। সংস্থাটির প্রাথমিক মূল্যায়নে ১০ হাজারের বেশি মানুষের নিহতের আশঙ্কা ৪৪ শতাংশ এবং সবচেয়ে ভয়াবহ পরিস্থিতিতে প্রাণহানি এক লাখ ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা ৩০ শতাংশ বলে উল্লেখ করা হয়।

জাতীয় ছুটির দিনে ভূমিকম্প আঘাত হানায় অনেক মানুষ ঘরে অবস্থান করছিলেন, ফলে হতাহতের ঝুঁকি আরও বেড়ে যায়। পরিস্থিতি মোকাবিলায় সরকার সেনাবাহিনী ও জরুরি সেবা সংস্থাগুলোকে ক্ষতিগ্রস্ত এলাকায় মোতায়েন করা হয়েছে।

উদ্ধারকাজ এখনও অব্যাহত রয়েছে। কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, ধ্বংসস্তূপ সরানোর কাজ এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে নিহত ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ