দাম্পত্যের ৩১ বছর, মৌসুমীকে হৃদয়ছোঁয়া বার্তা দিলেন ওমর সানী
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় তারকা দম্পতি ওমর সানী ও মৌসুমী দাম্পত্য জীবনের ৩১তম বিবাহবার্ষিকী উদযাপন করছেন। বিশেষ এই উপলক্ষে স্ত্রীকে নিয়ে আবেগময় একটি বার্তা প্রকাশ করেছেন ওমর সানী, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের ব্যাপক সাড়া ফেলেছে।
রোববার (২ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে মৌসুমীর সঙ্গে একটি ছবি শেয়ার করে ওমর সানী লিখেছেন, হ্যাপি অ্যানিভার্সারি মৌসুমী। আজ থেকে ৩১ বছর আগে তোমাকে ঘরে তুলেছিলাম। আলহামদুলিল্লাহ, তোমার-আমার ঘর আলোকিত করে এসেছে ফারদিন এবং ফাইজা। বেঁচে থাকুক আমাদের সম্পর্ক কবর পর্যন্ত। আমিন।
তার এই আবেগঘন পোস্টটি প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই প্রায় ৫৩ হাজারের বেশি প্রতিক্রিয়া পড়ে। পাশাপাশি অসংখ্য ভক্ত, সহকর্মী ও শুভানুধ্যায়ী মন্তব্যের মাধ্যমে এই তারকা দম্পতির দীর্ঘ ও সুখী দাম্পত্য জীবনের জন্য শুভকামনা জানান।
ওমর সানী ও মৌসুমীর পরিচয় নব্বইয়ের দশকের শুরুতে। ১৯৯২ সালে প্রথম দেখা হলেও ১৯৯৩ সালে ‘দোলা’ সিনেমায় একসঙ্গে কাজ করতে গিয়ে তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। পরবর্তীতে সেই সম্পর্ক প্রেমে রূপ নেয় এবং ১৯৯৫ সালের ৪ মার্চ দুই পরিবারের সম্মতিতে গোপনে তাদের বিয়ে সম্পন্ন হয়। অভিনয়জীবনে নেতিবাচক প্রভাব এড়াতেই বিষয়টি দীর্ঘদিন গোপন রাখা হয়েছিল। পরে একই বছরের ২ আগস্ট আনুষ্ঠানিকভাবে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হয়। এরপর থেকেই প্রতি বছর ২ আগস্ট তারা বিবাহবার্ষিকী উদযাপন করে আসছেন।
দীর্ঘ তিন দশকের বেশি সময়ের এই দাম্পত্যে তাদের সংসার পূর্ণতা পেয়েছে ছেলে ফারদিন ও মেয়ে ফাইজাকে নিয়ে। কর্মব্যস্ততা ও ব্যক্তিগত কারণে বর্তমানে ওমর সানী বাংলাদেশে অবস্থান করলেও মৌসুমী দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে রয়েছেন। ভৌগোলিক দূরত্বকে কেন্দ্র করে বিভিন্ন সময়ে তাদের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন ছড়ালেও ওমর সানী একাধিকবার স্পষ্ট করে জানিয়েছেন, তাদের পারস্পরিক আস্থা, ভালোবাসা ও পারিবারিক বন্ধন আগের মতোই অটুট রয়েছে।
বিবাহবার্ষিকীতে প্রকাশিত ওমর সানীর সর্বশেষ এই বার্তাও সেই দৃঢ় সম্পর্কেরই প্রতিফলন বলে মনে করছেন ভক্তরা। সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছার বন্যায় ভেসে যাচ্ছে এই তারকা দম্পতি। অনেকেই তাদের সুস্বাস্থ্য, সুখী সংসার এবং দীর্ঘ দাম্পত্য জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন।
মতামত দিন