Views Bangladesh Logo

স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত ৩০

স্পেনে বুধবার দুটি দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত হয়েছেন।

দেশটির মাদ্রিদ থেকে দক্ষিণাঞ্চলীয় আন্দালুসিয়া অঞ্চলের সংযোগকারী রেলপথে এক বছরেরও কম সময়ের মধ্যে এটি দ্বিতীয় প্রাণঘাতী দুর্ঘটনা বলে জানিয়েছে আঞ্চলিক কর্তৃপক্ষ।

আঞ্চলিক সম্প্রচারমাধ্যম কাস্তিয়া-লা মাঞ্চা টেলিভিশনে প্রচারিত ভিডিওতে লাইনচ্যুত একটি ট্রেন দেখা গেছে। ট্রেনটির অন্তত একটি বগি উঁচু রেলপথের ওপর আটকে ছিল। রেলপথের নিচের ঢালু অংশে ছড়িয়ে-ছিটিয়ে ছিল দুমড়েমুচড়ে যাওয়া ধাতব অংশ, ভাঙা প্যানেল ও দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন সরঞ্জাম।

দুর্ঘটনার সময় একটি ট্রেনের পেছনের বগিতে কয়েকজন সহকর্মীর সঙ্গে ভ্রমণ করছিলেন মিগেল নামের এক যাত্রী। তিনি রেডিও স্টেশন কোপেকে দুর্ঘটনার মুহূর্তের বর্ণনা দিয়েছেন।

মিগেল বলেন, আমরা প্রচণ্ড গর্জনের মতো শব্দ শুনতে পাই। এরপর প্রায় ১০ সেকেন্ড ধরে অত্যন্ত জোরে ধাক্কার শব্দ হতে থাকে। মনে হচ্ছিল, ট্রেনটি বুঝি লাইনচ্যুত হতে যাচ্ছে। ডান পাশের জানালা দিয়ে আমরা একটি বিধ্বস্ত ট্রেন দেখতে পাই। আমার ধারণা, সেটি অন্য ট্রেনটি ছিল।

কাস্তিয়া-লা মাঞ্চার আঞ্চলিক সরকার জানিয়েছে, নিহতের সংখ্যা আগে জানানো ১০ জন থেকে বেড়ে ৩০ জনে দাঁড়িয়েছে। এর আগে কর্তৃপক্ষ সতর্ক করেছিল, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

একই রেলপথে একই পরিচালনাকারী সংস্থাগুলোর দ্রুতগতির ট্রেনের মধ্যে নয় মাস আগে আরেকটি দুর্ঘটনায় ৪৬ জন নিহত হয়েছিলেন।

গত জানুয়ারিতে কর্দোবা প্রদেশের আদামুজের কাছে একটি ট্রেন লাইনচ্যুত হয়ে বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রেনের সঙ্গে ধাক্কা খেলে ওই দুর্ঘটনা ঘটে।

ঘটনাটি সাম্প্রতিক বছরগুলোতে দেশটির রেলপথের রক্ষণাবেক্ষণে বিনিয়োগের পরিমাণ নিয়ে বিতর্কের জন্ম দিয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ