গিনিতে আবর্জনার স্তূপ ধসে নিহত ৩০
পশ্চিম আফ্রিকার দেশ গিনির রাজধানী কোনাক্রিতে ভারী বর্ষণের পর বিশাল একটি আবর্জনার স্তূপ ধসে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। ধসের পর আবর্জনার স্তূপটি পাশের বেশ কয়েকটি অস্থায়ী ঝুপড়ি ও ঘরবাড়ির ওপর পড়লে এ হতাহতের ঘটনা ঘটে।
রোববার (২৩ আগস্ট) রাজধানীর দার-এস-সালাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে আরও ২২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক। ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
গিনির সরকার জানিয়েছে, রাতভর ভারী বৃষ্টির পর স্থানীয় সময় রাত ২টার দিকে আবর্জনার স্তূপটি ধসে পড়ে। দুর্ঘটনার পর ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে সামরিক বাহিনীসহ বিপুলসংখ্যক উদ্ধারকর্মী ও প্রয়োজনীয় সরঞ্জাম মোতায়েন করা হয়।
ঘটনাস্থলে উদ্ধারকর্মীদের খননযন্ত্র দিয়ে আবর্জনার স্তূপ সরিয়ে তল্লাশি চালাতে দেখা গেছে। এ সময় স্থানীয় বাসিন্দারাও সেখানে জড়ো হন। উদ্ধার অভিযান তদারকি করতে এবং পরিস্থিতি দেখতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন গিনির প্রধানমন্ত্রী মামাদু উরি বাহ।
স্থানীয় গণমাধ্যমকে এক নারী জানিয়েছেন, দুর্ঘটনায় তার পাঁচ সন্তান মারা গেছে। এর আগে স্থানীয় নেতা লানসিনে সিলা বার্তাসংস্থা এএফপিকে জানিয়েছিলেন, তিনি বড় ধরনের প্রাণহানির আশঙ্কা করছেন।
তিনি আরও বলেন, ১৮টি মরদেহ উদ্ধার করে মর্গে নেওয়া হয়েছে।
দীর্ঘদিনের অনিয়ন্ত্রিত বর্জ্য ব্যবস্থাপনা এবং বর্ষাকালে ভারী বৃষ্টিপাতকে এমন বিপর্যয়ের অন্যতম প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে।
এর আগে ২০১৭ সালে একই এলাকায় আবর্জনার স্তূপ ধসে ১০ জনের মৃত্যু হয়েছিল।
মতামত দিন