Views Bangladesh Logo

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় বেরোবির তিন শিক্ষক ও এক শিক্ষার্থী

বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের মর্যাদাপূর্ণ তালিকায় জায়গা করে নিয়েছেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) তিন শিক্ষক ও এক শিক্ষার্থী।

যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় এবং নেদারল্যান্ডসভিত্তিক বৈজ্ঞানিক প্রকাশনা প্রতিষ্ঠান এলসেভিয়ারের যৌথ গবেষণার ভিত্তিতে ২০২৬ সালের তালিকাটি প্রকাশ করা হয়েছে।

তালিকায় থাকা শিক্ষকদের মধ্যে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান, একই বিভাগের সহযোগী অধ্যাপক মো. হাসান আলী এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. আবু রেজা মো. তৌফিকুল ইসলাম। একই সঙ্গে ইইই বিভাগের শিক্ষার্থী অভিজিৎ ঘোষও এ তালিকায় স্থান পেয়েছেন।

তালিকায় থাকা অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান বর্তমানে গবেষণার পাশাপাশি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের দায়িত্ব পালন করছেন। একই বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীও বিশ্বসেরা গবেষকদের এ তালিকায় অন্তর্ভুক্ত হওয়ায় প্রতিষ্ঠানটির গবেষণা কার্যক্রমে নতুন মাত্রা যুক্ত হয়েছে।

এ অর্জন প্রসঙ্গে অধ্যাপক ড. আবু রেজা মো. তৌফিকুল ইসলাম জানান, ২০২৬ সালের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় জায়গা করে নিতে পেরে তিনি মহান আল্লাহর কাছে কৃতজ্ঞ। এ নিয়ে টানা পঞ্চমবার—২০২২ থেকে ২০২৬ সাল পর্যন্ত—তিনি তালিকাটিতে স্থান পেয়েছেন বলে জানান। তিনি এ স্বীকৃতি পরিবার, সহগবেষক, শিক্ষার্থী, সহকর্মী ও গবেষণার সঙ্গে যুক্ত সহযোগীদের উৎসর্গ করেছেন।

তিনি বলেন, গবেষণার পথচলায় সংশ্লিষ্ট সবার সহযোগিতা ও অনুপ্রেরণা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ভবিষ্যতেও জ্ঞান সৃষ্টি, গবেষণা এবং মানুষের কল্যাণে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমানও এ অর্জনে সন্তোষ প্রকাশ করে বলেন, তিন শিক্ষক ও একজন শিক্ষার্থীর এ তালিকায় অন্তর্ভুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য একটি উল্লেখযোগ্য অর্জন। ভবিষ্যতে গবেষণায় আরও শিক্ষক-শিক্ষার্থী আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করবেন এবং এর মাধ্যমে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গবেষণার পরিধি আরও বিস্তৃত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ