Views Bangladesh Logo

মুম্বাইয়ে সেতু থেকে বিএমডব্লিউ গাড়ি নিচে পড়ে ৩ শিক্ষার্থী নিহত

ভারতের মুম্বাইয়ে একটি বিএমডাব্লিউ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সেতু থেকে নিচে পড়ে তিনজন কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। এই ঘটনায় গাড়িতে থাকা আরও এক তরুণ গুরুতর আহত হন।

রবিবার (২০ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে মুম্বাইয়ের কোস্টাল রোডে লোটাস জেটির কাছে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, মেরিন ড্রাইভ থেকে হাজি আলীর দিকে যাওয়ার সময় অতিরিক্ত গতির কারণে গাড়িটির চালক নিয়ন্ত্রণ হারালে সেটি ফ্লাইওভার থেকে নিচে পড়ে দুমড়েমুচড়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহত চারজনকে উদ্ধার করে নায়ার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।

নিহতদের দুজনের পরিচয় জানা গেছে, তারা হলেন—শনায় গজ্জল (২১) ও ধৈর্য শেঠ (১৭)। তৃতীয় জনের পরিচয় জানা যায়নি। এদিকে দুর্ঘটনায় অলৌকিকভাবে বেঁচে যান ২০ বছর বয়সী অনম্য আদিত্য অসওয়াল। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে তার অবস্থা  আশঙ্কাজনক।

জানা গেছে, নিহত শনায় গজ্জল গাড়িটি চালাচ্ছিলেন এবং বাকি তিনজন যাত্রী ছিলেন। চারজনেরই বাড়ি গুজরাটের আহমেদাবাদে। তাঁরা মুম্বাইয়ের জুহুতে অবস্থিত এনএমআইএমএস কলেজের শিক্ষার্থী এবং একটি পেয়িং গেস্ট (পিজি) হোস্টেলে থাকতেন। রাতে সবাই মিলে মেরিন ড্রাইভে ঘুরতে যান। সেখান থেকে ফেরার পথেই দুর্ঘটনার কবলে পড়েন।

মর্মান্তিক এই দুর্ঘটনার ঘটনায় তদন্ত শুরু করেছে মুম্বাই পুলিশ।

সূত্র: হিন্দুস্টান টাইমস

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ