২৪ ঘণ্টায় আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৩০০
দেশে গত ২৪ ঘণ্টায় হাম-সদৃশ উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হাম আক্রান্ত হয়ে ১০২ জন এবং হাম-সদৃশ উপসর্গ নিয়ে ১ হাজার ২৩ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হাম ও হাম-সদৃশ উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১২৫ জনে।
রোববার (৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় শুধু ঢাকাতেই হাম-সদৃশ উপসর্গ নিয়ে দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও হাম-সদৃশ উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ৩০০ রোগী ভর্তি হয়েছেন।
বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৪৯৬ জন, রাজশাহীতে ১৯ জন, সিলেটে ১৩১ জন, চট্টগ্রামে ২৭৮ জন, বরিশালে ১২৮ জন, ময়মনসিংহে ১০৯ জন, খুলনায় ৭৫ জন এবং রংপুরে ৬৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ৪ অক্টোবর পর্যন্ত হাম-সদৃশ উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ১ লাখ ৭৪ হাজার ১৪৯ জন ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৬৬ হাজার ৯০৮ জন।
এদিকে, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৯৬ হাজার ৪১৮ জনে। তাদের মধ্যে ২১ হাজার ৭৪৮ জনের হাম শনাক্ত হয়েছে।
মতামত দিন