হামের উপসর্গে আরও ৩ জনের প্রাণহানি, হাজার ছুঁইছুঁই মৃতের সংখ্যা
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর দেশে নিশ্চিত হাম ও হামের মতো উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৯৭ জনে, যার মধ্যে নিশ্চিত হামে মারা গেছেন ১০০ জন এবং হামের মতো উপসর্গে মারা গেছেন ৮৯৭ জন।
সোমবার (৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এই তথ্য জানানো হয়। বুলেটিনে বলা হয়, রোববার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে হামের উপসর্গ নিয়ে দুজনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে সারাদেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ২১৬ জন রোগী।
বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৪৬৮ জন, রাজশাহীতে ৩০ জন, সিলেটে ১৫৫ জন, চট্টগ্রামে ২৪৯ জন, বরিশালে ১৩৫ জন, ময়মনসিংহে ৮৬ জন, খুলনায় ৭৯ জন এবং রংপুরে ১৪ জন রোগী ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর এ পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ৪৫ হাজার ২৭০ জন রোগী। এর মধ্যে চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৮৩১ জন।
গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬৫ হাজার ৩০৪ জনে, যাদের মধ্যে ১৯ হাজার ৭৫৬ জনের সংক্রমণ নিশ্চিত হয়েছে।
মতামত দিন