Views Bangladesh Logo

হামের উপসর্গে আরও ৩ মৃত্যু, এক দিনে আক্রান্ত ৯৪৩

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৮৮৬ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এ ছাড়া পরীক্ষায় আরও ৫৭ জনের হাম শনাক্ত হয়েছে। মৃতদের মধ্যে দুজন ঢাকা বিভাগের বাসিন্দা।

শনিবার (২৯ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামের পরিস্থিতিবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ৮৬৪ জন। একই সময়ে নিশ্চিতভাবে হাম শনাক্ত হওয়ার পর মৃত্যু হয়েছে আরও ৯৯ জনের। সব মিলিয়ে হামের উপসর্গ ও নিশ্চিত হাম মিলিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৬৩ জনে।

এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৭ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এতে ১৫ মার্চ থেকে দেশে নিশ্চিত হামে আক্রান্তের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৮৫৩ জনে।

অন্যদিকে, এক দিনে ৮৮৬ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দেওয়ায় গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত এমন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫৫ হাজার ৬৭৮ জনে। এর মধ্যে বিপুলসংখ্যক রোগীকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, এই সময়ের মধ্যে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৩৬ হাজার ২৫৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৩১ হাজার ২৬৪ জন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ