Views Bangladesh Logo

ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি ১,৪৩২

 VB  Desk

ভিবি ডেস্ক

দেশে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এ রোগে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৪৩২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। নতুন মৃত্যু ও আক্রান্তের সংখ্যা যোগ হওয়ায় চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১৪ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি সেপ্টেম্বরের প্রথম ২৫ দিনে ডেঙ্গুতে ১১৭ জনের মৃত্যু হয়েছে। এর আগে আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন এবং মে মাসে একজন মারা যান। বছরের শুরুতে জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়।

বুলেটিনে বলা হয়, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ১ হাজার ৪৩২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ৭১ হাজার ৫৩৬ জনে।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে, ৫৬৬ জন। এছাড়া খুলনায় ২৪১ জন, চট্টগ্রামে ২০৯, বরিশালে ২০৪, ময়মনসিংহে ১১২, রাজশাহীতে ৫৭ এবং রংপুর বিভাগে ৫৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

অন্যদিকে, একই সময়ে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড় পেয়েছেন ১ হাজার ৪২৯ জন। ফলে চলতি বছরে ডেঙ্গু থেকে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন মোট ৬৬ হাজার ২৫৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, নতুন রোগী শনাক্ত ও মৃত্যুর পাশাপাশি সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যাও বাড়ছে। তবে প্রতিদিন বিপুলসংখ্যক রোগী হাসপাতালে ভর্তি হওয়ায় ডেঙ্গুর সংক্রমণ পরিস্থিতি নিয়ে উদ্বেগ অব্যাহত রয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ