Views Bangladesh Logo

ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, রোগী ছাড়াল ২৫ হাজার

 VB  Desk

ভিবি ডেস্ক

দেশে ডেঙ্গুর প্রকোপ ক্রমেই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৭৫৩ জন। এ নিয়ে চলতি বছরে হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫ হাজার ৬০১ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে একজন করে ঢাকা, ময়মনসিংহ ও খুলনায় মারা গেছেন।

এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৪ জনে। মৃতদের মধ্যে ৫৮ দশমিক ১ শতাংশ নারী।

আক্রান্তদের মধ্যে নারীর সংখ্যা ৩৮ দশমিক ৩ শতাংশ। ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি ঢাকায়। এরপর খুলনা, বরিশাল, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগে রোগীর সংখ্যা বেশি। সাম্প্রতিক সময়ে খুলনা বিভাগে ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। রোগীর তুলনায় মৃত্যুর হার বাড়ছে ময়মনসিংহেও।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞ মোহাম্মদ ইকবাল বলেন, বর্ষা মৌসুমে মশার প্রজনন বাড়ায় সাধারণত জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি থাকে। বর্ষাকাল দীর্ঘ হলে অক্টোবর-নভেম্বর পর্যন্তও ডেঙ্গুর প্রকোপ থাকতে পারে। গত কয়েক বছরেও এমন প্রবণতা দেখা গেছে।

এদিকে সেপ্টেম্বর, অক্টোবর ও ডিসেম্বর মাসে ডেঙ্গুর প্রকোপ আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. এফ এম সিদ্দিকী। সোমবার বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক সেমিনারে তিনি এ আশঙ্কার কথা জানান।

সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় ডেঙ্গু রোগীদের চিকিৎসাসেবা দিতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ