Views Bangladesh Logo

জম্মু ও কাশ্মীরে ভারতীয় বাহিনীর অভিযানে তিন সন্ত্রাসী নিহত

ম্মু ও কাশ্মিরের শোপিয়ান জেলার শুকালকেল্লে ভারতীয় সেনাবাহিনীর অভিযানে তিনজন সন্ত্রাসী নিহত হয়েছে।

মঙ্গলবারে (১৩ মে) এ অভিযানে সন্ত্রাসীদের সঙ্গে ব্যাপক গোলাগুলি হলেও বাহিনীর সদস্যরা হতাহত হননি বলে জানিয়েছেন সেনা কর্মকর্তারা।

এক্স অ্যাকাউন্টের বার্তায় সেনাবাহিনী জানায়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ‘অপারেশন কিলার’ নামে এই অভিযান চালানো হয়। সন্ত্রাস ও বিচ্ছিন্নতাবাদী তৎপরতা সম্পূর্ণ নির্মূল না হওয়া পর্যন্ত জম্মু-কাশ্মিরে অভিযান চলবে বলেও হুঁশিয়ারি দেন কর্মকর্তারা।

২২ এপ্রিল জম্মু-কাশ্মিরের অনন্তনাগ জেলার পেহেলগামের বৈসরন উপত্যকায় ভয়াবহ হামলায় ২৬ জন নিহত হন, যাদের অধিকাংশই হিন্দু ধর্মাবলম্বী পুরুষ পর্যটক । অজ্ঞাত সন্ত্রাসীদের স্বয়ংক্রিয় রাইফেল দিয়ে চালানো ওই হামলাটি ছিল ২০১৯ সালের পুলওয়ামা হামলার পর সবচেয়ে প্রাণঘাতী। হামলার দায় স্বীকার করে বিবৃতি দেয় জঙ্গি সংগঠন ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ (টিআরএফ)।

ভারতের দাবি, তদন্তে উঠে এসেছে, এটি পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মিরভিত্তিক লস্কর-ই-তৈয়বার একটি শাখা। তবে সন্ত্রাসে মদদদানের এ অভিযোগ অস্বীকার করেছে পাকিস্তান।

হামলার প্রতিক্রিয়ায় কূটনৈতিকভাবে পাকিস্তানের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয় ভারত। সিন্ধু নদের পানি বণ্টনচুক্তি পর্যালোচনা, পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিলসহ বেশকিছু পদক্ষেপ নেয় নয়াদিল্লি। জবাবে ভারতের জন্য আকাশসীমা বন্ধসহ পাল্টা ব্যবস্থা নেয় ইসলামাবাদও।

এই উত্তেজনার মধ্যেই ভারতের প্রতিরক্ষা বাহিনী বুধবার (৭ মে) পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মিরসহ ছয়টি স্থানের নয়টি জঙ্গি ঘাঁটিতে ‘অপারেশন সিঁদুর’ নামে সংক্ষিপ্ত সেনা অভিযান চালায়। নয়াদিল্লির দাবি, ওই ক্ষেপণাস্ত্র হামলায় ৭০ জন পাকিস্তানি সন্ত্রাসী ও ১১ জন সেনা নিহত হয়। তবে পাকিস্তানি সেনাবাহিনীর জনসংযোগ দপ্তর আইএসপিআর জানায়, এতে নিহত হয় ৪০ জন এবং আহত হয় ১২১ জন।

জবাবে শুক্রবার (৯ মে) রাতে পাকিস্তানি প্রতিরক্ষা বাহিনী চালায় পাল্টা অভিযান ‘অপারেশন বুনইয়ানুম মারসুস’ বা ‘সীসার প্রাচীর’। ভারতের ১১টি সামরিক স্থাপনায় চালানো ওই হামলায় ৪০ থেকে ৫০ ভারতীয় সেনা নিহত হয়েছে বলে দাবি করে পাকিস্তান। তবে হতাহতের সংখ্যা নিয়ে বিস্তারিত কিছু জানায়নি ভারত।

দুই দেশের মধ্যে বাড়তে থাকা এই সামরিক উত্তেজনায় হস্তক্ষেপ করে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তাদের চাপের মুখে শনিবার (১০ মে) বিকাল থেকে যুদ্ধবিরতি কার্যকর করেছে নয়াদিল্লি ও ইসলামাবাদ।

তবে বিরোধপূর্ণ কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর দুই প্রতিবেশি দেশের উত্তেজনা ও গোলাগুলি অব্যাহত ছিল রোববার (১১ মে) রাত পর্যন্ত। পরদিন সোমবার (১২ মে) সীমান্তবর্তী এলাকায় সেনা সংখ্যা কমানোর বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে ভারত ও পাকিস্তান।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ