মস্কোর রেস্তোরাঁয় বোমা বিস্ফোরণে নিহত ৩, আহত ২১
রাশিয়ার মস্কোর একটি রেস্তোরাঁয় বোমা বিস্ফোরণে অন্তত তিনজন নিহত এবং ২১ জন গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় সময় শনিবার (১ আগস্ট) কুদ্রিনস্কায়া স্কয়ারের একটি রেস্তোরাঁয় এই ঘটনা ঘটে বলে রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসের প্রতিবেদনে জানানো হয়।
দেশটির জাতীয় সন্ত্রাসবিরোধী কমিটির প্রাথমিক তথ্য অনুযায়ী, একজন নারী রেস্তোরাঁটির ভেতরে একটি হাতে তৈরি বিস্ফোরক ডিভাইস নিয়ে প্রবেশের চেষ্টা করছিলেন। এ সময় প্রবেশপথে থাকা একজন নিরাপত্তাকর্মী তাকে বাধা দিলে সেখানেই বোমাটির বিস্ফোরণ ঘটে। এই হামলায় ওই নারী, নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তা এবং রেস্তোরাঁর ভেতরে থাকা এক গ্রাহক ঘটনাস্থলেই প্রাণ হারান।
সন্ত্রাসবিরোধী কমিটি আরও জানায়, বিস্ফোরণে আহত ২১ জনের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। আহতদের চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
মস্কো পুলিশ ও তাসের তথ্যমতে, এ ঘটনার পরপরই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ও ফরেনসিক বিশেষজ্ঞরা ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ শুরু করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে ছড়িয়ে পড়া বিভিন্ন ছবি ও ভিডিওতে রেস্তোরাঁটির বাইরে ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্সের সারিবদ্ধ উপস্থিতি দেখা গেছে।
এ বোমা বিস্ফোরণের কারণ জানতে তদন্ত চালিয়ে যাচ্ছে রুশ প্রশাসন।
মতামত দিন