Views Bangladesh Logo

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পাকিস্তানের পাল্টা হামলায় নিহত ৩

পাকিস্তানের আজাদ কাশ্মিরসহ দেশটির কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। দেশটির দাবি, রাতভর চালানো এই অভিযানে মোট ৯টি স্থাপনায় হামলা চালানো হয়েছে। এর প্রতিশোধ নিতে ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরে পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তানি সেনাবাহিনী। এতে অন্তত তিনজন নিহত হয়েছেন বলে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী।

বিবিসি, রয়টার্স ও এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরে পাকিস্তানি সেনাদের সামরিক অভিযানে তিনজন ভারতীয় নাগরিক নিহত হয়েছেন।

ভারতীয় সেনাবাহিনীও এ তথ্য নিশ্চিত করেছে।

ভারতীয় সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, পাকিস্তানি সেনাবাহিনী নিয়ন্ত্রণরেখা (এলওসি) অতিক্রম করে “নির্বিচারে গুলিবর্ষণ” করেছে।

সেনাবাহিনীর দাবি, এলোপাতাড়ি গুলি ও গোলাবর্ষণের ফলে তিনজন নিরীহ নাগরিক প্রাণ হারিয়েছেন। পাল্টা জবাব দেয় ভারতীয় সেনাবাহিনীও।

এদিকে সংবাদমাধ্যম ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ মার্কিন দাবি করেছেন, ভারতের ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ নিতে পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে পাকিস্তান।

তিনি আরও দাবি করেন, কয়েকজন ভারতীয় সেনাকে যুদ্ধবন্দি হিসেবে আটক করা হয়েছে।

প্রতিরক্ষামন্ত্রী আসিফ বলেন, পাকিস্তান আলোচনার জন্য প্রস্তুত যদি ভারত আগ্রাসী মনোভাব থেকে সরে আসে। তবে তিনি সতর্ক করে দেন, ভারত যদি শত্রুতামূলক আচরণ অব্যাহত রাখে তাহলে পাকিস্তানও কঠোর জবাব দেবে।

তিনি বলেন, যদি শত্রুতামূলক এসব কর্মকাণ্ড বন্ধ হয় তাহলে আমরা ভারতের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত। আমরা চাই না এই পরিস্থিতি আরও খারাপ হোক। কিন্তু ভারত থেকে যদি শত্রুতাপূর্ণ কিছু আসে তাহলে আমাদের জবাব দিতে হবে।

পাকিস্তানের দাবি, ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার পাশাপাশি তারা ভারতীয় সেনাবাহিনীর একটি ব্রিগেড সদর দপ্তরেও হামলা চালিয়েছে।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ