বিক্ষোভকারীদের ওপর গুলিতে তিনজন নিহত, উত্তাল ভারতের মণিপুর
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে নিরাপত্তা বাহিনীর গুলিতে তিনজন বিক্ষোভকারী নিহত ও ৩০ জন আহত হয়েছেন। এর আগে একটি রকেট হামলায় দুই শিশুর মৃত্যু হলে সেই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যে নতুন করে অশান্তি ছড়িয়ে পড়ে।
মণিপুর পুলিশ জানায়, ৭ এপ্রিল বিষ্ণুপুরের গেলমোল গ্রামে প্রায় ৫০০ জন বিক্ষোভকারী একটি কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীর ক্যাম্পে হানা দেওয়ার চেষ্টা করে। বাহিনীর গাড়িতে আগুন দেওয়া এবং সংরক্ষিত এলাকায় প্রবেশের চেষ্টার পরিপ্রেক্ষিতে গুলি চালানো হয়।
ওই একই দিন রাত একটার দিকে বিষ্ণুপুর জেলার মোইরাং থানার ত্রোংলাওবি আওয়াং লেইকাই এলাকার একটি বাড়িতে রকেট হামলা হয়। বিস্ফোরণে দুটি শিশু নিহত হয়। এই ঘটনায় তিনজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে, যারা ইউনাইটেড কুকি ন্যাশনাল আর্মির (ইউকেএনএ) সদস্য বলে পুলিশ জানিয়েছে। তাদের কাছ থেকে একটি একে-৪৭ রাইফেল, একটি পিস্তল, গোলাবারুদ, কাঁচা আফিম ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে।
উল্লেখ্য, গত ১৩ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে কেন্দ্রীয় সরকারের সলিসিটর জেনারেল দাবি করেছিলেন মণিপুরে শান্তি ফিরে আসছে। তার দুই মাস পূর্ণ হওয়ার আগেই ফের অশান্তির আগুন জ্বলে উঠল।
২০২৩ সালের মে থেকে মণিপুরে কুকি ও মেইতেই গোষ্ঠীর মধ্যে জাতিগত সহিংসতা চলছে। মেইতেইদের তপশীলি জাতির মর্যাদা দেওয়ার বিচারকে কেন্দ্র করে শুরু হওয়া সেই সংঘর্ষে কমপক্ষে ২৬০ জন নিহত এবং ৬০ হাজারেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হন। পরিস্থিতির অবনতিতে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে