Views Bangladesh Logo

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলায় ৩ ভারতীয় নাবিক নিহত

ওমান উপকূলের কাছে গালফ অব ওমানে তেলবাহী ট্যাঙ্কার এমটি সেত্তেবেলোতে মার্কিন সামরিক বাহিনীর হামলায় নিখোঁজ তিন ভারতীয় নাবিকের সবাই নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ভারত সরকার। বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে এ তথ্য জানিয়েছে বিবিসি।

ভারতের নৌপরিবহনমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ঘটনাটিকে ‘অত্যন্ত দুঃখজনক’ বলে উল্লেখ করেন। তিনি জানান, নিহত তিন নাবিকের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে।

পালাউয়ের পতাকাবাহী ট্যাঙ্কারটিতে মোট ২৪ জন ভারতীয় নাবিক ছিলেন। তাদের মধ্যে ২১ জনকে উদ্ধার করা হলেও তিনজন নিখোঁজ ছিলেন। পরে তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।

ঘটনার পর নয়াদিল্লি যুক্তরাষ্ট্রের দূতাবাসের উপপ্রধানকে তলব করে কড়া প্রতিবাদ জানিয়েছে। ভারত সরকার হামলার বিষয়ে ব্যাখ্যা চেয়েছে এবং নাবিকদের মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) দাবি করেছে, ট্যাঙ্কারটি ইরান থেকে তেল পরিবহনের মাধ্যমে যুক্তরাষ্ট্রের আরোপিত অবরোধ লঙ্ঘন করছিল। তাদের ভাষ্য অনুযায়ী, জাহাজের ক্রুরা বারবার নির্দেশনা অমান্য করায় একটি মার্কিন বিমান ট্যাঙ্কারটির ইঞ্জিন কক্ষে ‘নির্ভুল হামলা’ চালায়।

এটি চলতি সপ্তাহে ভারতীয় নাবিক বহনকারী দ্বিতীয় জাহাজ, যা মার্কিন বাহিনীর হামলার মুখে পড়েছে। এর আগে এমটি মারিভেক্স নামের আরেকটি ট্যাঙ্কারে হামলার ঘটনা ঘটে। তবে ওই জাহাজের ২৪ জন ভারতীয় নাবিককেই নিরাপদে উদ্ধার করা হয়েছিল।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ