Views Bangladesh Logo

বিশ্বকাপে জয়ের উৎসবে মেক্সিকোতে ঝরল ৩ প্রাণ

Sports Desk

ক্রীড়া ডেস্ক

বিশ্বকাপের শেষ ষোলোয় জায়গা করে নেওয়ার আনন্দে ভেসে গিয়েছিল পুরো মেক্সিকো। তবে উৎসবমুখর সেই রাতই এক পর্যায়ে বদলে যায় শোকের রাতে। মেক্সিকো সিটিতে বিশ্বকাপ উদযাপনের সময় প্রাণহানির ঘটনা বেড়ে তিনে পৌঁছেছে। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, বুধবার ভোরের দিকে শহরের স্বাস্থ্য বিভাগ এই তথ্য নিশ্চিত করেছে।

মৃত্যুর ঘটনাগুলো ঘটে মেক্সিকো সিটির পরিচিত স্থাপনা অ্যাঞ্জেল অব ইন্ডিপেন্ডেন্সের কাছে, যেখানে ইকুয়েডরকে ২-০ গোলে হারানোর উদযাপন করতে হাজারো সমর্থক জমায়েত হয়েছিলেন। শহরের প্রধান সড়ক পাসেও দে লা রেফোরমা এবং তার আশপাশের এলাকা যান চলাচলের জন্য বন্ধ রেখে উদযাপনের ব্যবস্থা করা হয়েছিল।

কর্তৃপক্ষ জানায়, পাসেও দে লা রেফোরমার বিভিন্ন স্থানে অজ্ঞান হয়ে পড়া তিনজনকে জরুরি চিকিৎসা সেবা দেওয়া হয়। প্রাথমিকভাবে সামাজিক মাধ্যমে স্বাস্থ্য বিভাগ জানিয়েছিল, উচ্চমাত্রার সিপিআর ও পুনরুজ্জীবন প্রচেষ্টার পরও ৪৪ বছর বয়সী এক পুরুষ এবং ১৯ বছর বয়সী এক তরুণীর দমবন্ধ হয়ে মৃত্যু ঘটে।

পরে আরেকটি বার্তায় স্বাস্থ্য বিভাগ জানায়, তৃতীয় মৃত ব্যক্তি ৪৮ বছর বয়সী একজন নারী, যিনি শ্বাসকষ্টে ভুগে আশপাশের একটি সড়কেই চিকিৎসা নিচ্ছিলেন এবং পরে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।

মেক্সিকো সিটির মেয়র ক্লারা ব্রুগাদা এক্স-এ নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং সবাইকে সব সময় দায়িত্বশীলতা, সতর্কতা ও সহমর্মিতার সঙ্গে উদযাপনের আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য, দীর্ঘ ৪০ বছর পর বিশ্বকাপের নকআউট পর্বে জয়ের স্বাদ পায় মেক্সিকো। রাজধানীর আজতেকা স্টেডিয়ামে ইকুয়েডরকে হারিয়ে শেষ ষোলোয় ওঠে সহ-আয়োজক দেশটি। জয়ের পর সমর্থকদের উচ্ছ্বাস, স্লোগান আর আনন্দ-উল্লাসের মধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে আশপাশের সড়কে অসুস্থ হয়ে পড়া মানুষদের চিকিৎসা দেওয়ার দৃশ্যও।

দুই কোটির বেশি মানুষের বসতি নিয়ে মেক্সিকো সিটির মহানগর এলাকা বিশ্বের সবচেয়ে জনবহুল অঞ্চলগুলোর একটি, যেখানে বড় ধরনের উদযাপন ও বিশাল জনসমাগম মোটামুটি নিয়মিত ঘটনা।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ