Views Bangladesh Logo

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে ৩ পর্বতারোহী নিহত

ইন্দোনেশিয়ার মাউন্ট ডুকোনো আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে তিন পর্বতারোহীর মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে দুইজন সিঙ্গাপুরের নাগরিক এবং একজন স্থানীয় বাসিন্দা। নিষিদ্ধ এলাকায় প্রবেশ করার সময় তারা এই দুর্ঘটনার কবলে পড়েন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

স্থানীয় সময় শুক্রবার সকাল ৭টা ৪১ মিনিটে হালমাহেরা দ্বীপে অবস্থিত এই আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাত শুরু হয়। সরকারি ভূতাত্ত্বিক সংস্থার প্রধান লানা সারিয়া জানান, অগ্ন্যুৎপাতের সময় বিকট শব্দ শোনা যায় এবং ছাইয়ের কুণ্ডলী আকাশসীমার প্রায় ১০ কিলোমিটার (৬ মাইল) উচ্চতা পর্যন্ত ছড়িয়ে পড়ে।

তিনি আরও জানান, এ ঘটনায় মাউন্ট ডুকোনো পর্বতের আশপাশের জনবসতি সরাসরি হুমকির মুখে না পড়লেও উত্তর দিকে আগ্নেয়গিরির ছাই ছড়িয়ে পড়তে পারে, যা জনস্বাস্থ্যের জন্য বিপজ্জনক।

উত্তর হালমাহেরার পুলিশ প্রধান এরলিখসন পাসারিবু সাংবাদিকদের জানান, দুর্ঘটনার সময় মোট ২০ জন পর্বতারোহী পাহাড়ের ঢালে অবস্থান করছিলেন। এদের মধ্যে ৯ জন সিঙ্গাপুরের এবং বাকিরা স্থানীয় ইন্দোনেশীয়।

তিনি বলেন, “এখন পর্যন্ত ১৫ জন পর্বতারোহী নিরাপদে নিচে নেমে এসেছেন। তবে নিহতদের মরদেহ এখনও পাহাড়ে রয়ে গেছে।” বাকি দুই পর্বতারোহীর অবস্থান সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

পুলিশ প্রধান আরও বলেন, “আগ্নেয়গিরিতে এখনও অগ্ন্যুৎপাত অব্যাহত থাকায় উদ্ধার অভিযান চালানো নিরাপদ নয়। পরিস্থিতি অনুকূলে এলে যৌথ উদ্ধারকারী দল সেখানে অনুসন্ধান শুরু করবে।”

গত ডিসেম্বর থেকেই জাতীয় আগ্নেয়গিরি পর্যবেক্ষণ কেন্দ্র মাউন্ট ডুকোনোর ‘মালুপাং ওয়ারিয়াং ক্রেটার’ থেকে ৪ কিলোমিটারের মধ্যে যাতায়াত নিষিদ্ধ করেছিল। এই নিষেধাজ্ঞা অমান্য করে পর্যটকদের সেখানে নিয়ে যাওয়ায় দলটির গাইড এবং পোর্টারকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা নেওয়া হতে পারে বলে জানিয়েছে পুলিশ।

প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থানের কারণে ইন্দোনেশিয়ায় প্রায়ই ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটে। দেশটিতে বর্তমানে প্রায় ১৩০টি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে। মাউন্ট ডুকোনো বর্তমানে ইন্দোনেশিয়ার চার স্তরের সতর্কতা ব্যবস্থার দ্বিতীয় স্তরে (অ্যালার্ট লেভেল-২) রয়েছে।

সূত্র: দ্য গার্ডিয়ান

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ