Views Bangladesh Logo

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত ৩ জনের জয়

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে অঙ্গরাজ্যের আইনসভায় আবারও জয়ের খবর এসেছে বাংলাদেশি বংশোদ্ভূত তিন রাজনীতিকের। প্রাপ্ত তথ্য অনুযায়ী, জর্জিয়ায় শেখ রহমান, কানেকটিকাটে এমডি মাসুদুর রহমান এবং নিউ হ্যাম্পশায়ারে আবুল বি খান নিজ নিজ আসনে জয়ী হয়েছেন।

স্টেট সিনেটের ৫ নম্বর আসনে ডেমোক্রেটিক পার্টির শেখ রহমান আবারও নির্বাচিত হয়েছেন। কিশোরগঞ্জের সন্তান শেখ রহমান জর্জিয়ার প্রথম মুসলিম ও এশীয় বংশোদ্ভূত স্টেট সিনেটর। ২০১৮ সালের নির্বাচনে প্রথম জিতে তিনি ২০১৯ সালের জানুয়ারি থেকে এই আসনের প্রতিনিধিত্ব করছেন। এবারের জয় তাঁর পঞ্চম মেয়াদ।

স্টেট সিনেটের ৪ নম্বর আসনে ডেমোক্রেটিক পার্টির এমডি মাসুদুর রহমান রিপাবলিকান প্রার্থী জেন জেনিংসকে হারিয়ে পুনর্নির্বাচিত হয়েছেন। চাঁদপুরের হাজীগঞ্জের সন্তান মাসুদুর রহমান ২০২২ সালে ফাঁকা আসনে জিতে প্রথমবার সিনেটর হন। তাঁর নির্বাচনী এলাকার মধ্যে আছে ম্যানচেস্টার, গ্লাসটনবারি, অ্যান্ডোভার ও বোল্টন।

স্টেট হাউস অব রিপ্রেজেন্টেটিভসের রকিংহাম ৩০ আসনে জয় পেয়েছেন রিপাবলিকান পার্টির আবুল বি খান। পিরোজপুরের ভান্ডারিয়ার সন্তান খান ২০১২ সাল থেকে নিউ হ্যাম্পশায়ারের আইনসভায় আছেন। সি‌‌‌ব্রুকের এই বাসিন্দা দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতিতেও সক্রিয়।

অঙ্গরাজ্য পর্যায়ের রাজনীতিতে এই তিনজনের পুনরায় জয়ে যুক্তরাষ্ট্রের আইনসভায় বাংলাদেশি কমিউনিটির প্রতিনিধিত্বের ধারাবাহিকতা বজায় থাকল।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ