ঢাকা বিমানবন্দরের ফ্লাইওভার থেকে পিকআপ পড়ে নিহত ৩ বিমানবাহিনীর সদস্য
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে ফ্লাইওভার থেকে বাংলাদেশ বিমানবাহিনীর (বিএএফ) একটি পিকআপ পড়ে তিন সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।
সোমবার রাত সাড়ে ১০টার দিকে তৃতীয় টার্মিনালে নিয়মিত দায়িত্ব পালনের সময় এ দুর্ঘটনা ঘটে বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে।
আইএসপিআর জানায়, পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভার থেকে তৃতীয় টার্মিনালের দ্বিতীয় তলায় পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বিমানবাহিনীর তিন সদস্য নিহত হন এবং চারজন আহত হন।
নিহতরা হলেন—ওয়ারেন্ট অফিসার মাহমুদ, করপোরাল পিয়াস ও এলএসি জুবাইদুল।
আহতরা হলেন করপোরাল সিফাত/আবু সাঈদ, করপোরাল মাহবুব, এলএসি আহাদ এবং ঊর্ধ্বতন কর্মকর্তা আবুল খায়ের। তাঁদের মধ্যে করপোরাল সিফাত/আবু সাঈদ, করপোরাল মাহবুব ও এলএসি আহাদ গুরুতর আহত হয়েছেন।
আহতদের এবং নিহতদের মরদেহ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়েছে।
ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন আইএসপিআরের লেফটেন্যান্ট কর্নেল সামি উদ দৌলা চৌধুরী।
মতামত দিন