প্রার্থিতা ফিরে পেতে তিন হেভিওয়েট প্রার্থীর রিট
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট করেছেন ৩ প্রার্থী। ইসির সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট আবেদন করা এই ৩ হেভিওয়েট প্রার্থী হলেন— বরিশাল-৪ আসনের আওয়ামী লীগের প্রার্থী শাম্মী আহমেদ, বরিশাল-৫ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ও ফরিদপুর-৩ (সদর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শামীম হক। দ্বৈত নাগরিকত্ব প্রশ্নে আলোচিত এই তিন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশন।
রোববার (১৭ ডিসেম্বর) বিচারপতি মো. ইকবাল কবির ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চের অনুমোদন নিয়ে শাম্মী আহমেদ ও শামীম হক রিট করেছেন ভিউজ বাংলাদেশকে বলে জানান তার আইনজীবী শাহ মনজুরুল হক।
অন্যদিকে, বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মো. বশির উল্লাহর হাইকোর্ট বেঞ্চ থেকে অনুমোদন নিয়ে সাদিক আবদুল্লাহ রিট করেছেন বলে জানান তার আইনজীবী খুরশিদ আলম খান।
এর আগে শুক্রবার (১৫ ডিসেম্বর) দ্বৈত নাগরিকত্ব থাকায় ক্ষমতাসীন আওয়ামী লীগের দুজনসহ মোট তিন প্রার্থীর মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। আপিল শুনানিতে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বরিশাল-৪ আসনের শাম্মী আহমেদ ও ফরিদপুর-৩ আসনের শামীম হক এবং বরিশাল-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী সাদিক আবদুল্লাহর প্রার্থিতা বাতিল করেছে সংস্থাটি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে