জগন্নাথের সামনে আটক সেই যুবকের দুই দিনের রিমান্ড
রাজধানীর কোতোয়ালি থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় মো. মনির নামে এক যুবকের দুই দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তদন্তে প্রাপ্ত আসামি এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সক্রিয় কর্মী সন্দেহে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাঈদের আদালত পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে এই রিমান্ডের আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
নথি সূত্রে জানা গেছে, গত ২০ সেপ্টেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে মনিরকে প্রথমে আটক করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা। পরে তাকে কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এরপর সোমবার মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালি থানার উপপরিদর্শক ইবনে খালিদ হোসেন মনিরকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। আবেদনে বলা হয়, মামলার এজাহারভুক্ত ও তদন্তে পাওয়া অন্য আসামিরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও তাদের সহযোগী সংগঠনের সমর্থনে একত্রিত হয়ে সরকারবিরোধী মিছিল, জননিরাপত্তা বিঘ্নিত করা এবং দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির চক্রান্তে জড়িত ছিলেন।
আবেদনে আরও বলা হয়, আসামিরা নিষিদ্ধ সংগঠনের সমর্থনে প্রচার-প্রচারণা চালানোর পাশাপাশি দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। মামলার মূল রহস্য উদ্ঘাটন, পলাতক ও অজ্ঞাতনামা আসামিদের পরিচয় ও ঠিকানা শনাক্ত এবং অর্থদাতা ও নির্দেশদাতাদের খুঁজে বের করার জন্য মনিরকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলে পুলিশ আদালতকে জানায়।
শুনানিতে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিলের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত মনিরের দুই দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন।
মতামত দিন