সাফ চ্যাম্পিয়নশিপের প্রাথমিক দলে নতুন দুই প্রবাসী
সাফ চ্যাম্পিয়নশিপ সামনে রেখে দুই প্রবাসী ফুটবলারকে অন্তর্ভুক্ত করে ২৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
নতুন দুই মুখ হলেন মোহাম্মদ মাহে খান ও রোনান বেঞ্জামিন সুলিভান। আগামী ২৮ অক্টোবর থেকে জাতীয় দলের ক্যাম্প শুরু হওয়ার কথা রয়েছে।
প্রাথমিক দলে থাকা দুই নতুন ফুটবলারেরই রয়েছে বয়সভিত্তিক পর্যায়ে খেলার অভিজ্ঞতা। তবে দুজনের পথচলা ও সাম্প্রতিক পারফরম্যান্সে রয়েছে ভিন্নতা।
যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া রোনান বেঞ্জামিন সুলিভান গত এপ্রিলে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের শিরোপাজয়ী দলের সদস্য ছিলেন। পাকিস্তানের বিপক্ষে অভিষেক ম্যাচেই জোড়া গোল করে নজর কাড়েন এই ফরোয়ার্ড। ভারতের বিপক্ষে ফাইনালেও টাইব্রেকারে গোল করেন তিনি। বর্তমানে যুক্তরাষ্ট্রের সেন্ট জোসেফস হকস কলেজের হয়ে খেলছেন রোনান। বয়সভিত্তিক দলে নিজের পারফরম্যান্সের ধারাবাহিকতা এবার জাতীয় দলের ক্যাম্পেও ধরে রাখার সুযোগ পাচ্ছেন তিনি।
অন্যদিকে, ইংল্যান্ডে জন্ম নেওয়া স্ট্রাইকার মোহাম্মদ মাহে খান বাংলাদেশের অনূর্ধ্ব-২০ দলের হয়ে খেলেছেন। বর্তমানে ইংল্যান্ডের নবম স্তরের ক্লাব মলটন এফসিতে খেলছেন তিনি। চলতি মৌসুমে সাত ম্যাচে ৯ গোল করে নজর কেড়েছেন এই ফরোয়ার্ড। বয়সভিত্তিক দলের অভিজ্ঞতা ও ক্লাব ফুটবলে গোল করার দক্ষতার স্বীকৃতি হিসেবে এবার সিনিয়র জাতীয় দলের প্রাথমিক ক্যাম্পে ডাক পেয়েছেন মাহে।
প্রাথমিক দলে থাকা অন্য ফুটবলাররা বিভিন্ন সময়ে জাতীয় দলের হয়ে খেলেছেন অথবা দলে জায়গা পেয়েছেন। এদিকে সিটি ক্লাবের মো. ইসহাক আকন্দ ও মোহাম্মদ আসিফকেও অনুশীলনের জন্য ডাকা হয়েছে। তবে তাঁরা ২৮ সদস্যের মূল প্রাথমিক দলের অন্তর্ভুক্ত নন।
বাংলাদেশের ২৮ সদস্যের প্রাথমিক দল: মিতুল মারমা, মো. সুজন হোসেন, মো. মেহেদী হাসান শ্রাবণ, তপু বর্মণ, বিশ্বনাথ ঘোষ, মো. সাদ উদ্দিন, মো. রহমত মিয়া, জিদান ইউসুফ, মো. ইসা ফয়সাল, তারিক রাইহান কাজী, জায়ান আহমেদ, মো. সোহেল রানা, সোহেল রানা, মো. হৃদয়, হামজা দেওয়ান চৌধুরী, শমিত সোম, সৈয়দ কাজেম কিরমানী শাহ, জামাল ভূঁইয়া, ফারহান আলী ওয়াহিদ, শেখ মোরসালিন, রাকিব হোসেন, মো. ফয়সাল আহমেদ ফাহিম, ফাহামিদুল ইসলাম, মোহাম্মদ ইব্রাহিম, সুকি ইতোফুসা, মো. মিনহাজুল করিম স্বাধীন, রোনান বেঞ্জামিন সুলিভান ও মোহাম্মদ মাহে খান।
শুধু অনুশীলনের জন্য: মো. ইসহাক আকন্দ (সিটি ক্লাব) ও মোহাম্মদ আসিফ।
মতামত দিন