মালয়েশিয়া-চীন সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে ২৮ সদস্যের প্রতিনিধি দল
ছয় দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২১ থেকে ২৬ জুন পর্যন্ত অনুষ্ঠিতব্য এ সফরে দুই দেশের সঙ্গে অর্থনৈতিক, কূটনৈতিক ও কৌশলগত সহযোগিতা জোরদারের বিষয়ে গুরুত্বারোপ করা হবে। সফরে পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র উপদেষ্টা, প্রবাসী মন্ত্রীসহ মোট ২৮ সদস্যের প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে থাকবেন।
শনিবার (২০ জুন) সকালে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী রোববার (২১ জুন) ঢাকায় থেকে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের উদ্দেশে রওনা হবেন। সেখানে সংক্ষিপ্ত সফর শেষে সোমবার (২২ জুন) তিনি সরাসরি চীনে যাবেন। এবারের সফরের আলোচ্যসূচিতে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি, অর্থনীতির বিকাশ এবং বিদেশে কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ বিশেষ গুরুত্ব পাবে।
তিনি আরও বলেন, চীন সফরের সময় তিস্তা নদীসহ বিভিন্ন আন্তঃসীমান্ত নদীর ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হবে। একই সঙ্গে দুই দেশের মধ্যে দুটি চুক্তি এবং ১৩টি সমঝোতা স্মারক (এমওইউ) সই হওয়ার সম্ভাবনা রয়েছে।
পররাষ্ট্র সচিব জানান, বাংলাদেশের সামরিক সক্ষমতা উন্নয়নে চীনের সঙ্গে বিদ্যমান সহযোগিতার বিষয়টিও বৈঠকে আলোচনায় আসবে। পাশাপাশি চীনের বেসরকারি খাতের বিনিয়োগকারীদের সঙ্গে পৃথক বৈঠকের মাধ্যমে বাংলাদেশে আরও বিনিয়োগ আকর্ষণের উদ্যোগ নেওয়া হবে।
মালয়েশিয়া সফর প্রসঙ্গে তিনি বলেন, দেশটির শ্রমবাজারে আরও বেশি বাংলাদেশি কর্মী নিয়োগের অনুরোধ জানানো হবে। বর্তমানে চলমান পর্যালোচনা প্রক্রিয়া শেষ হলে মালয়েশিয়া বাংলাদেশের শ্রমশক্তিকে আরও গুরুত্ব দেবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এ ছাড়া মালয়েশিয়ার সঙ্গে বৈঠকে রোহিঙ্গা সংকট ও তাদের প্রত্যাবাসনসহ আঞ্চলিক ও দ্বিপক্ষীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ও গুরুত্বের সঙ্গে আলোচিত হবে বলে জানান পররাষ্ট্র সচিব।
মতামত দিন