Views Bangladesh Logo

দ্বাদশ জাতীয় নির্বাচনে মনোনয়ন জমা দিয়েছেন ২ হাজার ৭৪১ প্রার্থী: ইসি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে ২ হাজার ৭৪১ জন মনোয়নপত্র জমা দিয়েছেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সেইসঙ্গে নিবন্ধিত ৩০টি রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিচ্ছে বলে উল্লেখ করেছে ইসি।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সারা দেশে প্রতি আসনে গড়ে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। সব নির্বাচনী এলাকার মধ্যে, বগুড়া-৭ এ সবচেয়ে বেশি সংখ্যক মনোনয়ন জমা পড়েছে। যেখানে ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়াও কিছু আসনে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করবেন। যা এবারের আসরে সবচেয়ে কম।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ হওয়ায়, এখন সব আইনি শর্ত পূরণের জন্য মনোনয়নপত্র এখন যাচাই-বাছাই করা হবে।

আজ বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে ইসি সচিবালয়ের সচিব মোঃ জাহাঙ্গীর আলম বলেন, মনোনয়ন ফরম জমা দেওয়ার সময়সীমা বাড়ানোর কোনো সম্ভাবনা নেই।

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের ১৫ নভেম্বর ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সারাদেশে ৪২ হাজার ১০৩টি ভোটকেন্দ্রের অধীনে মোট ১১৯,৬৯১,৬৩৩ জন ভোটার এই নির্বাচনে তাদের ভোট প্রদান করবেন।

রিটার্নিং অফিসারদের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রার্থীদের আপিল ৫ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে গ্রহণ ও নিষ্পত্তি করা হবে। ১৮ ডিসেম্বর প্রার্থীদের মধ্যে নির্বাচনী প্রতীক বিতরণ করা হবে। আনুষ্ঠানিক প্রচারের সময়কাল ১৮ ডিসেম্বর থেকে শুরু হয়ে এবং ৫ জানুয়ারি বিকেল ৪ টায় শেষ হবে।

বাংলাদেশের ৪৪টি নিবন্ধিত রাজনৈতিক দলের মধ্যে ৩০টি ইসিকে চিঠি দিয়ে নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছে। তবে বিএনপি ও ইসলামী আন্দোলনসহ ১৪টি রাজনৈতিক দল নির্বাচন বয়কটের সিদ্ধান্ত নিয়েছে।






মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ