Views Bangladesh Logo

পাকিস্তানে নিরাপত্তা চৌকিতে গাড়িবোমা হামলা, সেনা-পুলিশসহ নিহত ২৭

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে আফগানিস্তান সীমান্তসংলগ্ন একটি নিরাপত্তা চৌকিতে ভয়াবহ গাড়িবোমা হামলায় সেনা, পুলিশ সদস্য ও হামলাকারীসহ অন্তত ২৭ জন নিহত হয়েছেন। হামলার পর পুরো এলাকায় ব্যাপক নিরাপত্তা অভিযান শুরু করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।

পাকিস্তান সেনাবাহিনীর বরাতে সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে খাইবার পাখতুনখাওয়া প্রদেশের ট্যাংক জেলার একটি নিরাপত্তা চৌকিতে এ হামলা চালানো হয়। দীর্ঘদিন ধরেই আফগান সীমান্তঘেঁষা এ অঞ্চলে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা রয়েছে।

সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে ১২ জন সেনাসদস্য, দুজন পুলিশ কর্মকর্তা এবং একজন বন কর্মকর্তা রয়েছেন। এ ছাড়া নিরাপত্তা বাহিনীর পাল্টা অভিযানে ১২ জন হামলাকারীও নিহত হয়।

কর্তৃপক্ষ জানায়, হামলাকারীরা প্রথমে নিরাপত্তা চৌকিতে প্রবেশের চেষ্টা করে। ব্যর্থ হয়ে বিস্ফোরকবোঝাই একটি গাড়ি চৌকির সীমানা প্রাচীরে আঘাত করলে শক্তিশালী বিস্ফোরণ ঘটে। এরপর নিরাপত্তা বাহিনীর সঙ্গে হামলাকারীদের সংঘর্ষ শুরু হয়।

২০০৭ সাল থেকে পাকিস্তান সরকারের বিরুদ্ধে সশস্ত্র লড়াই চালিয়ে আসা তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) হামলার দায় স্বীকার করেছে। গোষ্ঠীটি দাবি করেছে, চারজন আত্মঘাতী হামলাকারী এই অভিযানে অংশ নিয়েছিল।

হামলার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে আশপাশের এলাকায় তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী।

সাম্প্রতিক সময়ে খাইবার পাখতুনখাওয়া প্রদেশে সন্ত্রাসী হামলার ঘটনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এর আগে পাশের বান্নু জেলাতেও পুলিশ সদস্যদের লক্ষ্য করে একাধিক হামলা ও আত্মঘাতী বিস্ফোরণের ঘটনা ঘটে।

সেন্টার ফর রিসার্চ অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের তথ্য অনুযায়ী, পাকিস্তানে সহিংসতায় নিহতের সংখ্যা ২০২৪ সালের ১ হাজার ৬২০ জন থেকে গত বছর বেড়ে ২ হাজার ৩৩১ জনে পৌঁছেছে। অন্যদিকে পাকিস্তান ইনস্টিটিউট ফর পিস স্টাডিজ জানিয়েছে, একই সময়ে দেশজুড়ে সন্ত্রাসী হামলার সংখ্যা ৩৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ