Views Bangladesh Logo

আলজেরিয়ায় বাস খাদে পড়ে নিহত ২৭, আহত ৩৯

উত্তর আফ্রিকার দেশ আলজেরিয়ায় একটি যাত্রীবাহী বাস পাহাড়ি রাস্তা থেকে খাদে পড়ে অন্তত ২৭ জন নিহত এবং ৩৯ জন আহত হয়েছেন।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রকাশিত খবরে জানানো হয়, শুক্রবার (৩১ জুলাই) সকালে উত্তর আলজেরিয়ায় এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।

আলজেরিয়ার সিভিল প্রোটেকশন এজেন্সি জানায়, রাজধানী আলজিয়ার্স থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে এল কারমা এলাকায় পৌঁছালে বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। বাসটি দেশটির সেতিফ শহর থেকে আলজিয়ার্সের উদ্দেশ্যে যাচ্ছিল। খবর পেয়ে উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং অ্যাম্বুলেন্সের মাধ্যমে আহতদেরকে নিকটস্থ হাসপাতালে পাঠায়।

জরুরি চিকিৎসা ব্যবস্থা পরিদর্শন করতে বোমারদেস ইউনিভার্সিটি হাসপাতালে যান দেশটির প্রধানমন্ত্রী সিফি গরিব। হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে কথা বলে তিনি আহতদের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দেন।

তবে দেশটির স্বাস্থ্যমন্ত্রী মোহামেদ সেদ্দিক আইত মেসাউদেন সতর্ক করে দিয়ে জানিয়েছেন, কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

এ ঘটনার পর রাষ্ট্রীয় টিভিতে দেওয়া এক বার্তায় তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদেলমাদজিদ তেবুন। শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত এক বিবৃতিতে প্রেসিডেন্ট বলেন, এমন সড়কের দুর্ঘটনার পেছনে যারা দায়ী, তারা কোনো সাধারণ অপরাধী নয়, বরং 'সড়ক সন্ত্রাসী'। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শেষে অপরাধীদের বিরুদ্ধে কঠোর বিচারিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

দুর্ঘটনার মূল কারণ এখনো স্পষ্ট নয় বলে জানিয়েছে সিভিল প্রোটেকশন সংস্থা। তবে আলজেরিয়ার সড়ক নিরাপত্তা কর্তৃপক্ষের মতে, দেশে বেশিরভাগ দুর্ঘটনার নেপথ্যে অতিরিক্ত গতি ও চালকদের অসাবধানতাই মূল কারণ হিসেবে কাজ করে। পরিসংখ্যান অনুযায়ী, গত বছর দেশটিতে সড়ক দুর্ঘটনায় ৩,৮৩৮ জন প্রাণ হারিয়েছেন এবং ৩৭ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।

সাম্প্রতিক বছরগুলোতে এটি আলজেরিয়ার সবচেয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনাগুলোর একটি। এর আগে গত বছরের আগস্টে আলজিয়ার্সের কাছে একটি বাস খাদে পড়ে ১৮ জন নিহত এবং ২১ জন আহত হয়েছিলেন। এছাড়া গত ডিসেম্বরে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বেচারে একটি বাস উল্টে আরও ১৪ জনের মৃত্যু হয়।

সূত্র: আল-জাজিরা

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ