Views Bangladesh Logo

গায়ানায় যাত্রীবাহী ফেরি ডুবিতে নিহত ২৭, নিখোঁজ ৮৩

দক্ষিণ আমেরিকার দেশ গায়ানার উপকূলে একটি যাত্রীবাহী ফেরি ডুবে অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনও ৮৩ জন নিখোঁজ রয়েছেন। দুর্ঘটনার পর থেকে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

সোমবার (২১ জুলাই) দেশটির প্রধানমন্ত্রী মার্ক ফিলিপস সাংবাদিকদের এ তথ্য জানান। এর আগে তিনি নিহতের সংখ্যা ১০ বলে জানিয়েছিলেন। পরে উদ্ধার অভিযান এগোনোর সঙ্গে সঙ্গে মৃতের সংখ্যা বেড়ে ২৭ জনে পৌঁছায়।

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, শনিবার রাতে রাজধানী জর্জটাউন থেকে এসেকিবো অঞ্চলের উদ্দেশে ছেড়ে যাওয়া এমভি বারিমা ফেরিটি মাঝপথে উল্টে যায়। দুর্ঘটনার পর এ পর্যন্ত ৬৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, এখন পর্যন্ত ফেরিটিতে মোট ১৭৯ জন আরোহী ছিলেন বলে নিশ্চিত হওয়া গেছে। এর আগে যাত্রী তালিকায় ১৩৩ জনের নাম থাকলেও সেটি অসম্পূর্ণ ছিল। এখন আমাদের প্রধান লক্ষ্য নিখোঁজদের খুঁজে বের করা। আমরা এখনও আশা হারাইনি।

উদ্ধার অভিযানে উপকূলরক্ষী বাহিনীর পাশাপাশি স্থানীয় জেলেরাও অংশ নিয়েছেন। এছাড়া অনুসন্ধান ও উদ্ধারকাজে সহায়তার জন্য প্রতিবেশী ফরাসি গায়ানা থেকে ১২ জন ডুবুরি, দুইজন চিকিৎসক এবং একজন প্রকৌশলী পাঠিয়েছে ফরাসি সেনাবাহিনী।

এদিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। প্রধানমন্ত্রী মার্ক ফিলিপস জানান, দুর্ঘটনার পর ফেরিটির দুই নাবিকের মাদক পরীক্ষায় মারিজুয়ানা সেবনের প্রমাণ পাওয়া গেছে। বিষয়টি তদন্তের অংশ হিসেবে খতিয়ে দেখা হচ্ছে।

গণপূর্তমন্ত্রী হুয়ান এজহিল জানান, ফেরিটি বিকেলে যাত্রা শুরু করেছিল এবং প্রায় আট ঘণ্টা পর বিপদসংকেত পাওয়া যায়।

জাহাজ চলাচলবিষয়ক ওয়েবসাইট ভেসেলফাইন্ডার-এর তথ্য অনুযায়ী, দুর্ঘটনাকবলিত এমভি বারিমা ফেরিটি ১৯৩৯ সালে নির্মিত হয়েছিল। বর্তমানে দুর্ঘটনার প্রকৃত কারণ নির্ধারণে তদন্ত চলছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ