Views Bangladesh Logo

রাশিয়া-ইউক্রেন পাল্টাপাল্টি হামলায় একদিনে ২৬ জনের মৃত্যু

রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার চলমান যুদ্ধে দুই দেশের সীমান্ত ও বিভিন্ন অঞ্চলে এক দিনে পাল্টাপাল্টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ২৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৫ জন রাশিয়ান এবং ১১ জন ইউক্রেনীয় নাগরিক রয়েছে বলে নিশ্চিত করেছে উভয় দেশের কর্তৃপক্ষ।

রাশিয়ান প্রশাসনের তথ্য অনুযায়ী, সোমবার (৩ আগস্ট) দেশের দক্ষিণাঞ্চলীয় ক্রাসনোদার প্রদেশ, সীমান্তবর্তী বেলগোরোদ এবং কৃষ্ণসাগরীয় উপদ্বীপ ক্রিমিয়ায় ইউক্রেনীয় ড্রোন হামলায় এসব প্রাণহানির ঘটনা ঘটে।

ক্রাসনোদারের গভর্নর ভেনিয়ামিন কনদ্রাতিয়েভ জানান, গেলেনজিক জেলার আর্খিপো-ওসিপোভকা অবকাশকেন্দ্রে ইউক্রেনীয় ড্রোন হামলায় তিন শিশুসহ সাতজন নিহত এবং প্রায় ৪০ জন আহত হন।

এর পাশাপাশি ইউক্রেন সীমান্তবর্তী বেলগোরোদে ড্রোন হামলায় চারজন নিহত ও ১৭ জন আহত হন। এ ছাড়াও ইউক্রেনের কাছ থেকে দখল করে নেওয়া ক্রিমিয়া উপদ্বীপে অপর হামলায় চারজন নিহত ও দুইজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

এদিকে ইউক্রেনীয় কর্তৃপক্ষের তথ্যমতে, একই দিনে ইউক্রেনের একাধিক অঞ্চলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। ইউক্রেনের দিনিপ্রোপেত্রোভস্ক প্রদেশের ক্রিভি রিহ জেলায় একটি পেট্রোল পাম্প স্টেশনে রাশিয়ার চালানো ড্রোন হামলায় এক জরুরি সেবা কর্মী ও তাঁর আট বছর বয়সী ছেলেসহ তিনজন নিহত হন।

গভর্নর ওলেকসান্দ্র হানঝা জানান, হামলায় ওই পাম্প স্টেশনে আগুন ধরে যায় এবং আশপাশের এলাকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

এছাড়া, রাতে ইউক্রেনের জাপোরিঝঝিয়া প্রদেশে চালানো ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় দুই শিশুসহ আরও আটজন ইউক্রেনীয় নাগরিক নিহত হন।

উল্লেখ্য, ২০২২ সালে যুদ্ধ শুরু হওয়ার পর বেসামরিক হতাহতের ঘটনা সীমিত পরিসরে থাকলেও সাম্প্রতিক মাসগুলোতে তা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। তবে উভয় পক্ষই বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলার দায় ধারাবাহিকভাবে অস্বীকার করে আসছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ