মিরপুরে দুই জুয়েলারি দোকান থেকে ২৫৯ ভরি স্বর্ণ চুরি, লাপাত্তা ৫ নিরাপত্তাকর্মী
রাজধানীর মিরপুরের শাহ আলী শপিং কমপ্লেক্সে দুটি জুয়েলারি দোকানে সংঘটিত চুরির ঘটনায় প্রায় ২৫৯ ভরি স্বর্ণালংকার খোয়া গেছে। ঘটনার পর থেকে মার্কেটের পাঁচ নিরাপত্তাকর্মী নিখোঁজ রয়েছেন। প্রাথমিক তদন্তে তাদের সম্পৃক্ততার সন্দেহ করছে পুলিশ।
রোববার (২৬ জুলাই) ভোর ৫টা ৫৬ মিনিটের দিকে এ চুরির ঘটনা ঘটে বলে ধারণা করে দারুস সালাম থানা পুলিশ। চুরি হওয়া দুটি প্রতিষ্ঠান হলো শাহ আলী শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় অবস্থিত আল রাজ্জাক জুয়েলার্স ও এ হোসেন জুয়েলার্স। দোকান দুটির মালিক যথাক্রমে মো. জসিম উদ্দিন ও আবুল হোসেন।
দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুলাল হোসেন বলেন, প্রাথমিকভাবে প্রায় ২৫৯ ভরি স্বর্ণালংকার চুরির তথ্য পাওয়া গেছে। এর মধ্যে আল রাজ্জাক জুয়েলার্স থেকে প্রায় ২০০ ভরি এবং পাশের এ হোসেন জুয়েলার্স থেকে প্রায় ৫৯ ভরি স্বর্ণালংকার খোয়া গেছে বলে অভিযোগ রয়েছে।
ওসি জানান, এটি একটি সুপরিকল্পিত চুরির ঘটনা। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, মার্কেটের নিরাপত্তার দায়িত্বে থাকা কয়েকজন ব্যক্তি এ ঘটনায় জড়িত। তাদের সঙ্গে আরও তিন থেকে চারজন অজ্ঞাত ব্যক্তি অংশ নিয়েছিল।
পুলিশের ভাষ্য অনুযায়ী, মার্কেটের নিজস্ব নিরাপত্তাকর্মীদের পাশাপাশি জুয়েলারি দোকানগুলোর পক্ষ থেকেও একজন নিরাপত্তাকর্মী দায়িত্বে ছিলেন। তাকে মিষ্টির সঙ্গে চেতনানাশক মিশিয়ে খাইয়ে অচেতন করা হয়েছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।
আল রাজ্জাক জুয়েলার্সের মালিক মো. জসিম উদ্দিন জানান, মার্কেটের সিসিটিভি ফুটেজে নিরাপত্তাকর্মীদের চুরির ঘটনায় অংশ নিতে দেখা গেছে বলে তাদের ধারণা।
এ ঘটনায় দারুস সালাম থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তবে সোমবার পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। চুরি হওয়া স্বর্ণালংকারও উদ্ধার করতে পারেনি পুলিশ।
ওসি দুলাল হোসেন বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। তদন্তের অগ্রগতির ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মতামত দিন