Views Bangladesh Logo

মেক্সিকোতে ‘এল মেনচো’ নিহতের পর ২৫ ন্যাশনাল গার্ড সদস্য নিহত, ২৫০০ অতিরিক্ত সেনা মোতায়েন

মেক্সিকোর ‘মোস্ট ওয়ান্টেড’ মাদক সম্রাট নেমেসিও ওসেগুয়েরা সারভান্তেস ওরফে ‘এল মেনচো’ নিহত হওয়ার পর দেশজুড়ে ছড়িয়ে পড়া সহিংসতায় অন্তত ২৫ জন ন্যাশনাল গার্ড সদস্য নিহত হয়েছেন।

সোমবার মেক্সিকোর নিরাপত্তামন্ত্রী এ তথ্য নিশ্চিত করেন। রোববার বিশেষ বাহিনীর অভিযানে গ্রেপ্তারের পর হেফাজতেই এল মেনচোর মৃত্যু হয়।

তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর অন্তত ২০টি অঙ্গরাজ্যে চরম অস্থিরতা ও সহিংসতা শুরু হয়। প্রতিরক্ষামন্ত্রী রিকার্দো ত্রেভিয়া জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশের পশ্চিমাঞ্চলে অতিরিক্ত ২,৫০০ সেনা মোতায়েন করা হয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, অভিযানের সময় এল মেনচোর ছয় দেহরক্ষী নিহত ও তিন সামরিক সদস্য আহত হন। এছাড়া সহিংসতায় এক কারারক্ষী, অ্যাটর্নি জেনারেলের দপ্তরের এক সদস্য এবং এল মেনচোর অপরাধী চক্রের অন্তত ৩০ সদস্য নিহত হয়েছেন।

এল মেনচোর নেতৃত্বাধীন জালিসকো নিউ জেনারেশন কার্টেল (সিজেএনজি) মেক্সিকোর অন্যতম ভয়ংকর অপরাধী সংগঠন হিসেবে পরিচিত। নেতার মৃত্যুর প্রতিবাদে সংগঠনটির সদস্যরা বিভিন্ন শহরে তাণ্ডব চালায়।

তারা সড়কে পেরেক ও লোহার কাঁটা ছড়িয়ে অবরোধ সৃষ্টি করে এবং বাসসহ বিভিন্ন যানবাহনে আগুন ধরিয়ে দেয়। বহু শহরে ব্যাংক ও স্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠানেও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

জালিসকো অঙ্গরাজ্যে বিশেষ বাহিনীর হাতে গ্রেপ্তারের পর রোববার হেফাজতে মারা যান এল মেনচো। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর কার্টেলের সদস্যরা সক্রিয় এলাকাগুলোতে সমন্বিত হামলা চালায়।

কিছু শহরে তারা সড়কে কাঁটা ছড়িয়ে যান চলাচল বন্ধ করে দেয়। অন্যত্র বাস ও গাড়ি ছিনতাই করে সড়কের মাঝে ফেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।

প্রেসিডেন্ট শেইনবাউম জানিয়েছেন, সোমবার সকাল নাগাদ অধিকাংশ সড়ক অবরোধ তুলে নেওয়া হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে।

মেক্সিকোর প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, এল মেনচোকে ধরার অভিযানটি সেনাবাহিনী পরিচালনা করে, এতে ন্যাশনাল গার্ড ও বিমান বাহিনী সহায়তা দেয়। যুক্তরাষ্ট্রের দেওয়া গোয়েন্দা তথ্য অভিযানে সহায়ক ছিল, তবে কোনো মার্কিন বাহিনী সরাসরি অংশ নেয়নি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ