নেপালে এক বাড়ি থেকে ২৪ মরদেহ উদ্ধার, বাড়তে পারে সংখ্যা
নেপালের বিদুরে আকস্মিক বন্যায় কাদার নিচে চাপা পড়া একটি বাড়ি থেকে ২৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকারীদের আশঙ্কা, বাড়িটির ধ্বংসস্তূপের নিচে আরও মরদেহ আটকে থাকতে পারে।
বুধবার (২৬ আগস্ট) আকস্মিক বন্যার সময় বাড়িটির ভেতরে বেশ কয়েকজন মানুষ আটকা পড়েন। পরে বন্যার পানির সঙ্গে প্রবাহিত কাদার স্রোতে বাড়িটি চাপা পড়লে তাদের মৃত্যু হয় বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
সোমবার (৩১ আগস্ট) দীর্ঘ উদ্ধার তৎপরতার পর বাড়িটি থেকে মরদেহগুলো বের করে আনা হয়। বিদুরের পুলিশ সুপার বিপিন রেগমি জানিয়েছেন, মঙ্গলবারও সেখানে উদ্ধার অভিযান চালানো হবে। ধ্বংসস্তূপের নিচে আরও মরদেহ থাকার সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি।
বিদুর পৌরসভার কর্মকর্তা মঙ্গল তমঙ্গ জানান, উদ্ধার হওয়া ২৪ জনের মধ্যে একজন শিশু। অন্য ২৩ জনই প্রাপ্তবয়স্ক। মরদেহগুলোর পরিচয় শনাক্তের কাজও চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
উদ্ধার হওয়া মরদেহের মধ্যে ছয়টি হেলিকপ্টারে করে রাজধানী কাঠমান্ডুতে নেওয়া হয়েছে। বাকি মরদেহগুলো আপাতত বিদুরেই রাখা হয়েছে। সেগুলোও পরবর্তী সময়ে কাঠমান্ডুতে পাঠানো হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
এদিকে একটি বাড়ির ধ্বংসস্তূপ থেকেই বিপুলসংখ্যক মরদেহ উদ্ধারের পর আশপাশের অন্যান্য বাড়িতেও একইভাবে মানুষ চাপা পড়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে ওই এলাকায় উদ্ধার তৎপরতা আরও জোরদার করার প্রস্তুতি নেওয়া হয়েছে। গত বুধবারের ভয়াবহ আকস্মিক বন্যায় নেপালে মৃতের সংখ্যা ৯৫০ ছাড়িয়েছে। দুর্গম ও ক্ষতিগ্রস্ত বহু এলাকায় এখনো উদ্ধারকাজ পুরোপুরি শুরু করা সম্ভব হয়নি। ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
মতামত দিন