Views Bangladesh Logo

নেপালে ভয়াবহ বন্যায় এখনও ২ হাজার ৩৬২ জন নিখোঁজ

নেপালে ভয়াবহ আকস্মিক বন্যার পর নিখোঁজ মানুষের সন্ধানে উদ্ধার ও অনুসন্ধান অভিযান অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত ৬৬৯টি মরদেহ উদ্ধার করেছে উদ্ধারকারী দল। একই সঙ্গে এখনও পর্যন্ত নিখোঁজ রয়েছেন ২ হাজার ৩৬২ জন।

শনিবার (২৯ আগস্ট) নেপাল পুলিশের মুখপাত্র অভি নারায়ণ কাফাল এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, নিখোঁজদের মধ্যে ১ হাজার ৮৬৩ জন নেপালের নাগরিক। তাঁদের মধ্যে ১ হাজার ৫৯১ জন পুরুষ ও ২৬৪ জন নারী রয়েছেন।

এ ছাড়া নিখোঁজদের তালিকায় ৪৯৯ জন বিদেশি নাগরিক রয়েছেন। তাঁদের মধ্যে ২২৩ জন পুরুষ ও ৩০০ জন নারী বলে জানিয়েছে পুলিশ। বন্যার পর থেকে নিখোঁজদের সন্ধান এবং হতাহতদের উদ্ধারে বিভিন্ন এলাকায় অভিযান চালানো হচ্ছে।

পুলিশের তথ্য অনুযায়ী, উদ্ধার হওয়া ৬৬৯ মরদেহের মধ্যে ১৪৮ জন নারী, ২৬৮ জন পুরুষ, ২২ জন কিশোরী ও ২০ জন কিশোর রয়েছে। এর বাইরে উদ্ধার করা হয়েছে আরও ২১১টি আংশিক মানবদেহাবশেষ। এখন পর্যন্ত শনাক্ত মরদেহের মধ্যে ২০টি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বন্যায় আহত ২ হাজার ৩০১ জনকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। তাঁদের মধ্যে ১ হাজার ৫০৬ জন পুরুষ এবং ৭৯৫ জন নারী। ভয়াবহ এই দুর্যোগে ঘরবাড়ি হারিয়ে নুয়াকোট জেলার নয়টি আশ্রয়কেন্দ্রে বর্তমানে প্রায় এক হাজার মানুষ অবস্থান করছেন।

তবে ধাদিং জেলার আশ্রয়কেন্দ্রগুলোতে থাকা সব বাস্তুচ্যুত মানুষকে ইতোমধ্যে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। নিখোঁজদের সন্ধান, মরদেহ উদ্ধার ও পরিচয় শনাক্তের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের নিরাপদ আশ্রয়ে নেওয়ার কাজও চলছে। পরিস্থিতি মোকাবিলায় নেপালজুড়ে উদ্ধার ও অনুসন্ধান অভিযান অব্যাহত রয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ